এক মন্ত্রী ও এক আ.লীগ নেতার বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারের বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহামঞ্চদ কাদেরের বাড়িতে হামলা হয়েছে। হামলার চেষ্টা হয়েছে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের গাড়ি বহরে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তিনজনই দশম জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দল থেকে মনোনয়ন পেয়েছেন।

বাণিজ্যমন্ত্রীর বাড়িতে ককটেল: গত রোববার রাতে লালমনিরহাট শহরের সদর হাসপাতাল রোডে বাণিজ্যমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়। বাণিজ্যমন্ত্রীর বাসার তত্ত্বাবধায়ক হামিদুল ইসলাম জানান, রাত পৌনে একটার দিকে পর পর দুটি বিস্ফোরণের শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন, গাড়ির গ্যারেজের সামনে ধোঁয়া এবং সেখানে একটি অবিস্ফোরিত ককটেল পড়ে আছে। বিস্ফোরণের সময় বাড়িতে মন্ত্রী বা তাঁর পরিবারের কেউ ছিলেন না।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত বাণিজ্যমন্ত্রীর বাসায় গিয়েছিল। সেখান থেকে বিস্ফোরণের আলামত ও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে নির্বাচন করার জন্য জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন জি এম কাদের। তিনি সপরিবারে ঢাকায় বসবাস করেন। লালমনিরহাটে সফরে গেলে মাঝেমধ্যে সদর হাস-পাতাল রোডের ওই বাসায় থাকেন।

গোলাম রাব্বানীর বাড়িতে হামলা-ভাঙচুর-আগুন: চাঁপাইন-বাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামে গতকাল দুপুরে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানীর সমর্থক ও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। এরপর গোলাম রব্বানীর বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

গোলাম রব্বানীর ছোট ভাই ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনাউল ইসলাম জানান, পুকুরিয়ার দুইতলা বাড়িতে তাঁর তিন ভাই থাকেন সপরিবারে। বেলা দুইটার দিকে অবরোধকারীরা তাঁদের বাড়িতে হামলা চালায়। তারা শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর বাড়ির নিচতলার কয়েকটি ঘরের জানালা ভেঙে ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁর ও তাঁর অপর ভাই রেজাউল ইসলামের কয়েকটি কক্ষের সমস্ত আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ভসঞ্চীভূত হয়। এ ছাড়া হামলাকারীরা পাশে তাঁদের বড় ভাই ফিটু মিয়ার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই বাড়ির গ্যারেজে রাখা একটি ট্রাক ও একটি ব্যক্তিগত গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গোলাম রব্বানীসহ পরিবারের সদস্যরা বাড়ির দোতলায় আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান।

পরে জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার বশির আহমেদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সোবহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও সোবহান জানান, সংঘর্ষ ও হামলার পর এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল সন্ধ্যা থেকে শিবগঞ্জ পৌর এলাকা এবং কানসাট বাজার ও পুকুরিয়া গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

সৈয়দ আশরাফের গাড়িবহরে হামলার চেষ্টা: গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার সকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনকালীন সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের গাড়িবহরে হামলার চেষ্টা করে পিকেটাররা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সৈয়দ আশরাফ ঢাকা থেকে গাড়িবহর নিয়ে নিজের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ যাচ্ছিলেন। সকাল পৌনে আটটার দিকে গাড়িবহর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় পৌঁছায়। ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের সমর্থনে জোটের কর্মীরা রাস্তার পূর্ব দিক থেকে মন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। অবরোধের কারণে মহাসড়ক ফাঁকা থাকায় গাড়ির গতি বেশি ছিল। এতে অল্পের জন্য কোনো রকম ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় মন্ত্রীর গাড়িবহর। গাড়িগুলো চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। তখন পুলিশ শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, মন্ত্রী মহোদয়ের গাড়ি মহাসড়কের পশ্চিম দিক দিয়ে যাচ্ছিল। দুর্বৃত্তরা রাস্তার পূর্ব দিক থেকে ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।