এক মাদ্রাসাপ্রধানের কারাদণ্ড ১২ শিক্ষিকার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আজ সোমবার শেষ হচ্ছে। এদিকে ভুয়া পরীক্ষার্থীদের সহযোগিতা করার অভিযোগে গতকাল রোববার রাজশাহীর বাগমারায় এক মাদ্রাসাপ্রধানকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে জয়পুরহাটে আনন্দ স্কুলের ১২ জন শিক্ষিকা ও স্থানীয় বেসরকারি সংস্থার তিনজন নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা ৬৭ জন শিশু শিক্ষার্থীকেও আসামি দেখানো হয়েছে।গতকাল প্রাথমিকের পরিবেশ পরিচিতি সমাজ এবং ইবতেদায়ির আরবি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনিয়মের অভিযোগে সারা দেশে ১১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে ৯৩ জন প্রাথমিকের এবং ১৮ জন ইবতেদায়ির শিক্ষার্থী। গতকাল প্রাথমিকে এক হাজার ৭০৬ এবং ইবতেদায়িতে ৯৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।বাগমারা (রাজশাহী) প্রতিনিধি জানান, উপজেলার কর্ণিপাড়া-সাদোপাড়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখা থেকে এবার ১২ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়। তাদের টাকা দিয়ে এনে পরীক্ষায় বসানো হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই শিক্ষার্থীদের চ্যালেঞ্জ করেন। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শামসুদ্দিন প্রথমে পরীক্ষার্থীদের বৈধ শিক্ষার্থী বলে দাবি করলেও শেষে স্বীকার করেন যে ওই ১২ জন পরীক্ষার্থী ভুয়া। এ ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত ওই মাদ্রাসাপ্রধানকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রা প্রথম আলোকে জানান, পরীক্ষার্থীরা শিশু হওয়ায় তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, অন্যের হয়ে পরীক্ষা দেওয়া এবং এতে সহযোগিতা করার অপরাধে জয়পুরহাট শহরের আনন্দ স্কুলের ১২ জন শিক্ষিকা, বেসরকারি সংস্থার তিনজন নির্বাহী পরিচাক ও ৬৭ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। ৬৭ জন শিক্ষার্থীর সবাই শিশু। গত বৃহস্পতিবার রাতে ওই মামলা করা হয়। ২৩ নভেম্বর শহরের রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা ৬৭ জন শিশুকে আটক করে ছেড়ে দেওয়া হয়।এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রের সচিব আফজাল হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার মামলা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, তদন্ত শেষে প্রয়োজনে শিশুদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা উপজেলার নয়টি আনন্দ স্কুলের নয়জন শিক্ষক-শিক্ষিকা গতকাল দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁদের জামিন মঞ্জুর করা হয়। এর আগে গত শুক্রবার আরও একজন কেন্দ্র শিক্ষক আদালত থেকে জামিন পান।২৪ নভেম্বর উপজেলার দুটি কেন্দ্রে আনন্দ স্কুলের ৭১ জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে। তাদের সহযোগিতার অভিযোগে আনন্দ স্কুলের ১০টি কেন্দ্রের ১০ জন শিক্ষকসহ ৫০ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় ২৪ নভেম্বর মামলা হয়। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, অনিয়মের অভিযোগে উপজেলার চারজন শিক্ষককে প্রধান পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন সাবিনা ইয়াসমিন, মোসফেকা হাসান, অখিলেশ চন্দ্র ও মিলন কুমার। উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।