এক মামলায় তারেক রহমানের পিএস অপুর জামিন স্থগিত
চাঁদাবাজির অভিযোগে করা এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন অপুর জামিন মঞ্জুর করে দেওয়া আদেশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. ইমান আলী। গতকাল মঙ্গলবার আদালত এ আদেশ দেন।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত সোমবার অপুর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন।
আইনজীবী সূত্র জানায়, এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় ২০০৭ সালের ৮ মার্চ ওই মামলাটি করেন ব্যবসায়ী আমিন আহমেদ। ওই বছরের ১৭ মার্চ অপুসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তখন তিনি পলাতক ছিলেন। পরে তিনি দেশে ফিরে চলতি বছরের ১৮ জুন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওই আবেদন খারিজ করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় ১৩ আগস্ট হাইকোর্টে জামিনের আবেদন করা হয়।