এক মামলায় মির্জা ফখরুলের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে করা এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
নাশকতার অভিযোগে পল্টন থানায় করা ওই মামলায় গত ১৬ এপ্রিল মির্জা ফখরুলকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট। জামিনের ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। গতকাল শুনানি শেষে ওই বিষয়ে কোনো আদেশ দেননি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ প্রসঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, চেম্বার আদালত কোনো আদেশ না দেওয়ায় হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ বহাল থাকবে।
ফখরুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা আরও তিনটি মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের রুল রয়েছে। ১৬ এপ্রিল বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। দুই সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে হবে।
পল্টন থানার তিনটি ও মতিঝিল থানার একটি মামলায় পৃথক চারটি জামিন আবেদন করেছিলেন মির্জা ফখরুল। এ চারটি মামলাই গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ বা ককটেল বিস্ফোরণের অভিযোগে করা হয়।
চলতি বছরের শুরু থেকে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি। ৫ জানুয়ারি ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ নিয়ে রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকাসহ নানা জায়গায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে।