নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় করা দুটি মামলার মধ্যে একটির অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১১ জানুয়ারি। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ দিন ধার্য করেন। বিচারকাজ শুরুর জন্য অপর মামলাটিও এই আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। আসামিদের উপস্থিতিতে গতকাল সোমবার এসব আদেশ দেওয়া হয়।
এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের মামলার আসামি র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ ১৩ জনের (সবাই র্যাবের সাবেক সদস্য) জামিনের আবেদন আদালত নাকচ করে দিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে গত ২৭ এপ্রিল অপহরণ করা হয়। ৩০ এপ্রিল তাঁদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম একটি ও আইনজীবী চন্দনের মেয়ের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।
আদালত সূত্র জানায়, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ২৩ আসামিকে গতকাল সকালে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের চন্দন সরকার ও তাঁর গাড়িচালক হত্যা মামলার শুনানির জন্য জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি তারিখ ধার্য করেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে আসামিদের নারায়ণগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আশোক কুমার দত্ত পরে নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার মামলাটির বিচারকাজ শুরুর জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর: র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদসহ ১৩ আসামির পক্ষে লড়তে ঢাকা থেকে আসা পাঁচজন আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তা নাকচ করে দিয়েছেন। আইনজীবী মো. ছরোয়ার মিয়া বলেন, ‘আমরা তারেক সাঈদসহ ১৩ আসামির পক্ষে জামিনের আবেদন জানাই। কিন্তু আদালত তা নামঞ্জুর করেন। আমরা জামিনের জন্য উচ্চ আদালতে যাব।’
নূর হোসেনের পক্ষে শোডাউন: আদালতপাড়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গতকাল ব্যাপক শোডাউন করেছে নূর হোসেনের সমর্থকেরা। নূর হোসেনকে প্রিজনভ্যানে করে আদালতে আনা-নেওয়ার সময় রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নূর হোসেনের বিভিন্ন এলাকা থেকে এসব লোককে আদালতপাড়া ও লিংক রোডে এনে জড়ো করা হয়।