এক মামলার তদন্তের সময় আরও তিন মাস বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলার অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও চার মাস সময় বাড়ানোর আবেদন জানালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম আগামী ২২ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের সময় পাঁচ দফা বাড়ল।২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মাসদার হোসেন এ মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত দুই মাসের মধ্যে অধিকতর তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই গ্রেনেড হামলার ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৩ আগস্ট বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট আদালত আগামী ৩ অক্টোবর ওই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং কয়েক শ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।