এক মামলার রিমান্ড শেষে আরেক মামলায় গ্রেপ্তার
তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে চাঁদাবাজির আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে নতুন সময় ডট কমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে। এই মামলায় আজ মঙ্গলবার আবার তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে ওয়ালটনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত শনিবার রমনা থানায় করা তথ্য প্রযুক্তি আইনে করা একটি মামলায় আহমেদ রাজুকে আসামি করা হয়। পরদিন তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পল্টন থানায় পৃথক আরেকটি মামলা হয়। দুটি মামলাই ওয়ালটনের পক্ষ থেকে করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় রোববার রাতে নতুন সময়ের কার্যালয় থেকে আহমেদ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতের নির্দেশে তাঁকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, রমনা থানার মামলার রিমান্ড শেষ আজ মঙ্গলবার আহমেদ রাজুকে আদালতে হাজির করলে পল্টন থানা-পুলিশ চাঁদাবাজির মামলায় তাঁকে আবার গ্রেপ্তার করে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আহমেদ রাজুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওয়ালটনের পক্ষ থেকে দায়ের করা মামলায় আহমেদ রাজুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে আনা হয়েছে।
প্রসঙ্গত, আহমেদ রাজু এক সময় ওয়ালটনের মালিকানাধীন অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম রাইজিং বিডি ডট কমের প্ল্যানিং এডিটর পদে কর্মরত ছিলেন।