এক মামলায় আজ অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতার আতঙ্ক চোখে নিয়ে নিজের ভাঙাচোরা ঘরের চকিতে বসে আছেন ভানু দাসের স্ত্রী নমিতা রানি দাস। ০৭ নভেম্বর ২০১৬, কাশীপাড়া, নাসিরনগর সদর উপজেলা। ফাইল ছবি: সাইফুল ইসলাম
সহিংসতার আতঙ্ক চোখে নিয়ে নিজের ভাঙাচোরা ঘরের চকিতে বসে আছেন ভানু দাসের স্ত্রী নমিতা রানি দাস। ০৭ নভেম্বর ২০১৬, কাশীপাড়া, নাসিরনগর সদর উপজেলা। ফাইল ছবি: সাইফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া আট মামলার একটিতে অভিযোগপত্র তৈরি করেছে পুলিশ। মামলার অভিযোগপত্রে ২২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে অভিযোগপত্র দাখিল করবে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, আজ আদালতে গৌর মন্দিরের মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে। অভিযোগপত্রে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, একাধিক আওয়ামী লীগ ও বিএনপি নেতাকে আসামি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের এক যুবকের ফেসবুক আইডি থেকে ধর্মীয় অবমাননাকর একটি পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০১৬ সালের ৩০ অক্টোবর সকালে ‘আহলে সুন্নাত ওয়াল জামাআতের’ উপজেলা শাখার নেতারা নাসিরনগর ডিগ্রি কলেজ মোড়ে বিক্ষোভের ডাক দেন। অন্যদিকে ‘খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাআতের’ নেতারা নাসিরনগর খেলার মাঠে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন। পৃথক এই সমাবেশ চলার সময় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সমাবেশে যোগ দেওয়া লোকজন এই হামলা চালিয়েছে বলে সে সময় স্থানীয় লোকজন অভিযোগ করেছিলেন।

উপজেলা সদরের মহাকালপাড়া গৌর মন্দির ভাঙচুরের ঘটনায় মন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশি ইসলামী ফ্রন্ট ও গাউছিয়া যুব সংগঠন এসব হামলার সঙ্গে জড়িত। গৌর মন্দিরের এই মামলায় পুলিশ অভিযোগপত্র তৈরি করেছে।

নাসিরনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে ২২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের অনেককেই এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগপত্রে থাকা আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সদর ইউপির চেয়ারম্যান আবুল হাসেম, নাসিরনগর ঘটনার অন্যতম প্রধান হোতা হরিপুর ইউপির বরখাস্ত হওয়া চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কারের সুপারিশকৃত) ফারুক মিয়া, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কারের সুপারিশকৃত) সুরুজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল, হরিপুর গ্রামের কাপ্তান মিয়া, হরিপুর ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল হোসেন, ধর্মীয় অবমাননাকর ছবি প্রিন্ট করে লিফলেট আকারে হরিপুর এলাকায় বিলি করা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার। এখানে সদর ইউপির চেয়ারম্যান আবুল হাসেম ও আব্দুল হান্নান ছাড়া বাকি সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হরিপুর ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল মিয়া সে সময় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। জবানবন্দিতে বিল্লাল নাসিরনগরে হামলার দিন হরিপুরের হরিণবেড় বাজার থেকে উপজেলা সদরে লোকজন নিয়ে যেতে তিন হাজার টাকা করে দুটি ট্রাক ভাড়া করেন। এ ছাড়া তিনি নিজের একটি ট্রাক্টরে করে লোকজন নাসিরনগর উপজেলা সদরে নিয়ে যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর প্রথম আলোকে বলেন, গত বছরের ৩০ অক্টোবর গৌর মন্দিরে হামলার ঘটনায় মামলার অভিযোগপত্র জমা দেবে পুলিশ। মামলার বাদী নির্মল চৌধুরী। তিনি আরও বলেন, অন্য আরেকটি মামলার অভিযোগপত্র প্রায় প্রস্তুত করা হয়েছে। খুব শিগগির আরেকটি মামলার অভিযোগপত্রও দেওয়া হবে।

প্রসঙ্গত, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে আরও একাধিক বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এসব ঘটনায় হওয়া আট মামলায় প্রায় ৩ হাজার লোককে আসামি করা হয়।