নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার তিনজনের আরও এক মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাছান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রোববার বায়েজিদ বোস্তামী থানার দুই মামলায় ওই তিনজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গত ২৬ ডিসেম্বর হাটহাজারীর আমানবাজার থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় জেএমবির তিন সদস্য নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেলকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে তাঁদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ সময় আদালত তাঁদের কোনো বক্তব্য আছে কি না জানতে চান। তাঁরা নিজেদের নির্দোষ এবং ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। পরে আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
কোর্ট পরিদর্শক জানান, হাটহাজারী থানায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত এখনো শুনানির জন্য দিন ধার্য করেননি।
গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকার একটি বাসা থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা করা হয়। এ ছাড়া কর্ণফুলী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা তিনটি মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।