‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার দুই আইনজীবী সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জামিন পেয়েছেন। তাঁরা হলেন মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরী।
গতকাল রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন জজ নুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। তবে হাটহাজারী থানার আরেকটি মামলায় জামিন না পাওয়ায় তাঁদের কারাগারে থাকতে হচ্ছে। এ মামলায় আজ সোমবার শুনানির দিন ধার্য রয়েছে।
গত ১৮ আগস্ট ঢাকা থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক শাকিলা ফারজানা, হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে র্যা ব। পরে তাঁদের বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত মাসে শাকিলার জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আইনজীবীর জামিনের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালতকে জানানো হয়, এ মামলায় গ্রেপ্তার জঙ্গি মনিরুজ্জামান ডনের স্বীকারোক্তিতে জঙ্গি অর্থায়নের সঙ্গে তাঁদের জড়িত থাকার তথ্য রয়েছে। পরে শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। কাল (আজ সোমবার) হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আইনজীবীর জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।
আসামিদের আইনজীবী আবদুস সাত্তার বলেন, দুই আইনজীবী জঙ্গিদের সঙ্গে কোনো অর্থ লেনদেন করেননি। তাঁরা মক্কেলদের কাছ থেকে মামলা পরিচালনার জন্য টাকা নিয়েছিলেন।