এক মামলায় জামিন পেলেন মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা এক মামলায় জামিন পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।
অন্য একটি মামলায় মান্নার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন সর্বোচ্চ আদালতে শুনানির অপেক্ষায় থাকায় এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।
আদালতে মান্নার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।