এক মামলায় দুই তদন্ত প্রতিবেদন
মামলা একটি। তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে দুটি। একটি বাদীর পক্ষে, অন্যটি বিপক্ষে। মেহেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ আলীর আদালতে সদর উপজেলার জুগিন্দা গ্রামের তোজামেঞ্চল হকের দায়ের করা একটি ছিনতাই মামলায় এ প্রতিবেদন দাখিল করা হয়।তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মারুফুর রশিদ জানান, এটা তাঁর ভুল হয়েছে। অন্যদিকে বাদী তোজাম্মেল হক অভিযোগ করেন, ঘুষের পুরো টাকা না দেওয়ায় তদন্ত কর্মকর্তা প্রথমে তাঁর পক্ষে প্রতিবেদন দিলেও পরে আদালতে তাঁর বিপক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তিনি অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচার দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন। তদন্তকারী কর্মকর্তার দুটি তদন্ত প্রতিবেদন ও বাদীর আরজি সূত্রে জানা যায়, ১১ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের সড়কে ওই গ্রামের জাহান আলীসহ কয়েকজন তোজাম্মেল হকের পথ রোধ করে মারধর করে অস্ত্রের মুখে গরু বিক্রির ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে ২৭ ডিসেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ছিনতাই মামলা করা হয়। আদালত ওই দিনই মামলাটি তদন্তের জন্য সদর থানায় পাঠান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলাটি তদন্তের জন্য বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ মারুফুর রহমানকে নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা ১৮ এপ্রিল তদন্ত প্রতিবেদনে বাদীর অভিযোগ সম্পূর্ণ সত্য উল্লেখ করেন। পরে ২৫ এপ্রিল একই কর্মকর্তা মামলাটি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে আরেকটি তদন্ত প্রতিবেদন আদালতে দেন। দুটি তদন্ত প্রতিবেদনেই ওসির স্বাক্ষর আছে। পুলিশ সুপারের কাছে দেওয়া বাদীর অভিযোগপত্রে উল্লেখ করা হয়, এসআই মারুফুর রশিদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। এসআই তাঁর কাছে ২০ হাজার টাকা চান। প্রথমে ১০ হাজার টাকা দিলে তদন্ত কর্মকর্তা তাঁর পক্ষে তদন্ত প্রতিবেদন দেন। পরে বাকি ১০ হাজার টাকা না দেওয়ায় তদন্ত কর্মকর্তা তাঁর বিপক্ষে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। এসআই মারুফুর রশিদ বলেন, ‘মামলার প্রথম তদন্ত প্রতিবেদনটি ভুল করে দিয়েছিলাম। দ্বিতীয় প্রতিবেদনটি সত্য। তবে এ ক্ষেত্রে আমি কোনো ঘুষ গ্রহণ করিনি।’পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ আছে। সবই তদন্ত হচ্ছে।’