এক মামলায় দুই প্রতিবেদন!
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি মারামারির ঘটনায় করা মামলায় দুই ধরনের প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। প্রথম প্রতিবেদন দেওয়ার তিন মাস পর আরেকজন পুলিশ কর্মকর্তা সম্পূর্ণ বিপরীত আরেকটি তদন্ত প্রতিবেদন জমা দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতে আগের প্রতিবেদনের পরিবর্তে পরেরটি জমা দেন।জানা যায়, ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে জসিম উদ্দিন চৌধুরীর পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই মোসলেম উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের সংঘর্ষ হয়। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ মামলার ১, ২ ও ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করে।সংশ্লিষ্ট মামলার বাদী পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে ৪ মার্চ অভিযোগ করেন। ডিআইজি তা জেলা পুলিশ সুপারের কাছে পাঠান। ১১ মার্চ পুলিশ সুপার ‘অনুসন্ধানপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দাখিল ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা’ নিতে সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন।এ ব্যাপারে সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সম্ভবত এ রকম একটি অভিযোগ এসেছে ১১ মার্চ। ওই সময় বিরোধী দলের সমাবেশ উপলক্ষে আমি ঢাকা ছিলাম। এখন সময় নিয়ে ওটা তদন্ত করব।’ জানা গেছে, ২০১১ সালের ৩১ জানুয়ারি থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার মজুমদার নয়জনের বিরুদ্ধে অভিযোগ তৈরি করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জমা দেন। ওই অভিযোগপত্রের আসামিরা হলেন: মোসলেম উদ্দিন, ফৌজুল কবির, লিয়াকত আলী, নবাব আলী, কছির উদ্দীন, আকবর, শাহাদৎ কবির, আমির হোছেন ও মো. ইরান।প্রায় তিন মাস পর ২০১০ সালের ৮ ডিসেম্বর একই ঘটনার তারিখ উল্লেখ করে ৪ নম্বর আসামি নবাব আলী বাদী হয়ে বাঁশখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন। মামলাটি থানায় পাঠানো হলে এসআই স্বপন কুমার মজুমদারকে সেটিও তদন্তের ভার দেন থানার ওসি আবদুল মালেক মিয়া। স্বপন কুমার মজুমদার ওই মামলায় উল্লেখ করা তথ্য মিথ্যা বলে প্রতিবেদন দেন। এরপর স্বপন মজুমদার কক্সবাজার জেলার টেকনাফ থানায় বদলি হয়ে যান।কিন্তু স্বপন কুমার মজুমদারের প্রতিবেদন আদালতে জমা না দিয়ে ওসি আবদুল মালেক মিয়া থানার আরেক এসআই কামাল উদ্দিনকে দিয়ে আরও একটি তদন্তের নির্দেশ দেন। ওই প্রতিবেদনে আগের আসামিদের সবাইকে নির্দোষ দাবি করা হয় এবং আগের মামলার বাদী ও সাক্ষীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।স্বপন কুমার মজুমদার ও কামাল উদ্দিনের দুটি প্রতিবেদনই আদালতে জমা দেওয়ার জন্য ‘অগ্রবর্তী করা হইল’ বলে মতামত দেন ওসি আবদুল মালেক মিয়া। কিন্তু জমা দেন এসআই কামাল উদ্দিনের প্রতিবেদন।আবদুল মালেক মিয়া পরে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি দামপাড়া পুলিশ লাইনে সহকারী কমিশনার (জনশৃঙ্খলা ব্যবস্থাপনা) হিসেবে কর্মরত আছেন। এক মামলার দুটি প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘থানায় হাজার হাজার কাগজে সই করেছি। কোন মামলার কথা বলছেন, তা আমার মনে নেই। অত দিনের আগের বিষয় মনে রাখার দরকার কী?’এ প্রসঙ্গে স্বপন কুমার মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘একটা ঘটনাকে কে কীভাবে দেখবেন, তা দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে তদন্তের ফলাফল পুরো বিপরীত হওয়ার সুযোগ নেই। বিষয়টি আমি পরে সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপারকেও জানিয়েছিলাম।’কামাল উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘আসামিরা কে কী বলল, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। তাঁদের কথা তো গ্রহণযোগ্য হবে না। আমার কাছে বাদীর কথাই আসল। তিনি যেভাবে সাক্ষ্য জোগাড় করে দিয়েছেন, তার ওপর ভিত্তি করেই আমি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছি।’মামলার দুই বাদীর বক্তব্য: প্রথম মামলার বাদী জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি বাঁশখালী থানায় মামলা করার পর বিবাদী নবাব আলী আদালতে মামলা করেন। দুই মামলা তদন্ত করেই তৎকালীন উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার মজুমদার ওসির কাছে প্রতিবেদন জমা দেন। কিন্তু ওসি তা আদালতে জমা না দিয়ে এসআই কামাল উদ্দিনকে দিয়ে আরেকটি তদন্ত করান। তাঁর প্রতিবেদন আগের প্রতিবেদনের পুরো বিপরীত। এ ব্যাপারে আমরা উপমহাপুলিশ পরিদর্শকের (ডিআইজি) কাছে অভিযোগ দিয়েছি।’দ্বিতীয় মামলার বাদী নবাব আলীকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে ও আগের মামলার প্রধান আসামি মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, জসিম উদ্দিন খারাপ প্রকৃতির লোক। তাই এসআই কামাল তাঁর বিপক্ষে তদন্ত প্রতিবেদন দিয়েছেন।