এক মামলায় রানার জামিন, অপরটি ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমারত নির্মাণ বিধিমালা আইনে করা মামলায় সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। তবে সোহেল রানার বিরুদ্ধে পুলিশের করা অপর মামলায় তাঁর জামিন আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রথম আলোকে বলেন, দুটি মামলায় জামিনের আবেদন করা হয়েছিল। ইমারত নির্মাণ আইনে করা মামলায় আদালত রানার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হবে। তিনি বলেন, পুলিশের করা মামলায়ও রানা জামিন চেয়েছিলেন। সেই আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক লোক নিহত হন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই দিনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বাদী হয়ে সাভার মডেল থানায় সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা করে। অবহেলাজনিত মৃত্যু ঘটার অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার মডেল থানায় আরেকটি মামলা করে পুলিশ। ওই বছরের ২৮ এপ্রিল সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।