এক মামলায় রানার জামিন মিললেও অপরটি ফেরত
ইমারত নির্মাণ বিধিমালা আইনে করা মামলায় সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে পুলিশের করা অপর মামলায় জামিন আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি জানিয়ে বেলা সোয়া দুইটায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম প্রথম আলোকে বলেন, দুটি মামলায় জামিনের আবেদন করা হয়েছিল। ইমারত নির্মাণ আইনে করা মামলায় আদালত তাঁর ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন। এই আদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হবে। পুলিশের করা অপর মামলায়ও রানা জামিন চেয়েছিলেন। তবে সেই আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে সহস্রাধিক মানুষ নিহত হন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই দিনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বাদী হয়ে সাভার মডেল থানায় সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা করে। অবহেলাজনিত মৃত্যুর ঘটনার অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার মডেল থানার অপর মামলাটি করে পুলিশ।
ওই বছরে ২৮ এপ্রিল সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।