এক মামলায় রিজভীর জামিন নাকচ, আরেকটিতে জামিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। তবে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক গতকাল বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন।গাড়ি পোড়ানোর মামলায় রিজভীর পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আদালতকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়।জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু আদালতকে বলেন, এই মামলায় ইতিমধ্যে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ২১ মে অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। তাই এ পর্যায়ে জামিনের কোনো সুযোগ নেই।এই মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে জামিনের শুনানিতে অংশ নেন মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, ইকবাল হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ।গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে ১০ মে আদালতে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মির্জা ফখরুলসহ ৩৩ জন নেতা বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।বিএনপির নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে ২৯ এপ্রিল হরতাল শেষে রাত নয়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ফ্যালকন টাওয়ারের সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ওই রাতেই তেজগাঁও থানায় এ মামলাটি করে। দ্রুত বিচার আইনের এ মামলায় আসামি করা হয়েছিল ৪৪ জনকে। পরে অভিযোগপত্রে ইসলামী ছাত্রশিবিরের নেতা আবদুল জব্বারের নাম বাদ দিয়ে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মান্নান হোসেন ও তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়।এদিকে ২৯ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় একই আদালতে রিজভীর জামিনের আবেদন করা হয়। এ আবেদন মঞ্জুর করেন আদালত।