এক মামলায় হাইকোর্টে মির্জা ফখরুলের জামিনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন (গত ৯ ডিসেম্বর) ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার করা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে মির্জা ফখরুলের আইনজীবীরা আবেদনটি উপস্থাপন করেন। আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, সগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।পরে সগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ আবেদনের ওপর শুনানি হবে।গত ৩১ জানুয়ারি এই মামলায় মির্জা ফখরুলের জামিনের আবেদন নিম্ন আদালত খারিজ করেন।’জানা যায়, ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ৩৭টি মামলা হয়। এসব মামলার মধ্যে গত ১৬ জানুয়ারি পর্যন্ত ছয়টিতে মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর তাঁকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।এ দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ফখরুলকে পরদিন মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সূত্রাপুর থানার মামলায় ১৫ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান তিনি।