এক মায়ের দুর্ভোগ
এক আত্মীয়কে দেখতে রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন সোমা নামের এক নারী। যাবেন গাজীপুরের টঙ্গীতে। সন্ধ্যা সাতটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে দেখলেন রাস্তায় কোনো গণপরিবহন নেই। অগত্যা কোলের বাচ্চাকে নিয়ে হেঁটেই রওনা দিলেন তিনি।
হাঁটতে হাঁটতে রাত আটটার দিকে পৌঁছান কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে। কিন্তু কোলের বাচ্চাকে নিয়ে আর পা চলছিল না তাঁর। সেখানে ঘণ্টা খানেক অপেক্ষার পর কিছু মিলল না। অবশেষে একটি পিকআপ আসতেই বহু কষ্টে উঠে পড়লেন তাতে। সাড়ে নয়টায় যখন তাঁর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়, তখন তিনি ছিলেন রাজধানীর মহাখালীতে।
সোমা মুঠোফোনে বলেন, পিকআপটি কত দূর পর্যন্ত যাবে সেটা তিনি জানেন না। যেখানে নামিয়ে দেওয়া হবে, সেখান থেকে আবার অন্য গাড়ি ধরে তিনি তাঁর গন্তব্যে পৌঁছাবেন। শেষ খবর জানতে সোমার মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ফলে তিনি গন্তব্যে পৌঁছেছেন কি না তা জানা যায়নি।
গতকাল রোববার রাজধানীতে হঠাৎ বাস উধাও হয়ে যাওয়ায় পথচলা মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।