ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অন্তত এক মাস আগে থেকে বাস-ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট কাটার ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা। এর সঙ্গে অনলাইনসহ স্টেশনের বাইরে বিভিন্ন বিপণিবিতান ও শহরের গুরুত্বপূর্ণ জায়গায় যানবাহনের টিকিট বিক্রির ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ‘ঈদযাত্রায় ভোগান্তি: নাগরিক ভাবনা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যানবাহনের টিকিট ব্যবস্থাপনা ঢেলে সাজানোর মধ্য দিয়ে ঈদযাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকখানি কমানো সম্ভব। এ ক্ষেত্রে ঈদ সামনে রেখে এক মাস আগে থেকেই অগ্রিম ও ফিরতি টিকিটের ব্যবস্থা চালু করা যেতে পারে। তা ছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত অধিকাংশ মানুষকেই স্টেশনে গিয়ে টিকিট কাটতে হয়। এ ব্যবস্থার পরিবর্তন এনে কাছের বিপণিবিতান কিংবা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টিকিট বিক্রির ব্যবস্থা চালু করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রচলিত ব্যবস্থায় প্রচুর টিকিট কালোবাজারিদের হাতে চলে যাওয়ায় তা চড়া দামে কিনতে বাধ্য হন অনেক যাত্রী। টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন এই উদ্যোগগুলো নেওয়া হলে টিকিট কালোবাজারির প্রবণতাও কমবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। তিনি শহরের বিভিন্ন পয়েন্টে টিকিট প্রাপ্তির ব্যবস্থা নিশ্চিত করার সঙ্গে বাস-ট্রেন-লঞ্চসহ সব ধরনের যানবাহনের জন্য অনলাইন টিকেটিং ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে গণমাধ্যমকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, বিমানের অগ্রিম ও ফিরতি টিকিট যদি এক মাস আগে কাটা সম্ভব হয়, তাহলে অন্য পরিবহনেও এই ব্যবস্থা চালু করা সম্ভব। এ ছাড়া ঈদের আগে অতিরিক্ত ভিড় এড়াতে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১০ দিন আগেই ছুটি ঘোষণার পরামর্শ দেন তিনি।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সাবেক নির্বাহী পরিচালক সালেহ উদ্দীন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি রুস্তম আলী খান, নিরাপদ সড়ক চাই-এর যুগ্ম সম্পাদক গণি মিয়া প্রমুখ।