এক মাস আগের নর্দমা এক বৃষ্টিতেই শেষ
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৪১০ মিটার পাকা নর্দমা (ড্রেন) গত রোববারের এক রাতের বৃষ্টিতেই ভেঙে পড়েছে৷ মাত্র এক মাস আগে এ নর্দমা নির্মাণ করা হয়৷ নিম্নমানের সামগ্রী দিয়ে নর্দমা তৈরি করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে৷
ওই পৌরসভা সূত্রে জানা গেছে, এক কোটি টাকা ব্যয়ে নগর উন্নয়ন প্রকল্প ও এডিপির অধীন পৌরসভায় চারটি নর্দমার নির্মাণকাজ মাত্র এক মাস আগে শেষ হয়েছে৷ চারটি নর্দমার মোট দৈর্ঘ্য এক হাজার ৪১০ মিটার৷ ভেঙে পড়া নর্দমার মধ্যে পৌর মেয়র মেনহাজুল হকের ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াজেদুল হকের ৩০০ মিটার ও মেয়রের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত আবু এহিয়ার নির্মাণ করা ৭৫ মিটার নর্দমা রয়েছে৷ এ দুজনে ৬৬ লাখ টাকায় মোট এক হাজার ২০০ মিটার নর্দমা নির্মাণের কাজ পেয়েছেন৷
পার্বতীপুর ডিিগ্র কলেজের পাশে যে ৩০০ মিটার নর্দমা ভেঙে পড়েছে, তা নির্মাণ করেন ওয়াজেদুল হক৷ পৌর এলাকায় স্টার সরকাির প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৭৫ মিটার যে নর্দমা ভেঙে পড়েছে তা পৌর মেয়রের ওই পিএস নির্মাণ করেন৷ প্রবল বৃষ্টিতে নামাপাড়ার ১৫০ মিটার নর্দমার ২৫ মিটার ভেঙে গেছে। এ নর্দমা নির্মাণ করেছেন বাদল সরকার নামের এক ঠিকাদার। গুলশান নগরের ১০০ মিটার নর্দমার মধ্যে ১০ মিটার ভেঙে গেছে। এ কাজটি করেছেন ঠিকাদার মাহাতাব উদ্দিন।
ডিিগ্র কলেজ এলাকার বাসিন্দা আবদুল লতিফ জানান, নিম্নমানের কাজের জন্য এই এলাকার নবনির্মিত নর্দমার দুই পাশ ভেঙে পড়েছে।
পৌরসভার প্রকৌশলী মো. জবাইদুল হক জানান, গত রোববার রাতে পার্বতীপুরে ব্যাপক বৃষ্টি হয়। বৃষ্টির তোড়ে ৪১০ মিটার নর্দমা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েক শ মিটার নর্দমা। নর্দমাগুলো আরসিসি পিলার দিয়ে নির্মাণের কথা ছিল। পরে শুধু ইট-সিমেন্ট দিয়ে এস্টিমেট পাশ করিয়ে নর্দমা নির্মাণ করায় এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পৌরসভার মেয়রের দায়িত্বে থাকা প্যানেল মেয়র মনজুরুল আজিজ জানান, গতকাল মঙ্গলবার চার ঠিকাদারকে ভেঙে পড়া নর্দমাগুলো পুনরায় নির্মাণের জন্য নোটিশ পাঠানো হয়েছে।