এক মাস ধরে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ২৭ দিন ধরে উপাচার্য নেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে যিনি রয়েছেন, তাঁকে এখনো মন্ত্রণালয় থেকে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি। ফলে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং সর্বশেষ ছাত্রদের পাল্টাপাল্টি আন্দোলনে বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে।
শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে নাজুক পরিস্থিতি বিরাজ করছে, তাতে একজন সৎ ও প্রশাসনিক কাজে দক্ষ ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া খুবই জরুরি। তা না হলে বিশ্ববিদ্যালয় গভীর সংকটের মুখে পড়বে।
জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমবর্তন অনুষ্ঠানস্থলে শিক্ষকদের বসার নির্ধারিত আসনে কর্মকর্তাদের বসে যাওয়ার ঘটনা নিয়েই বর্তমান অচলাবস্থার সূত্রপাত।
শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০-১২ জন শিক্ষক বসতে না পেরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ নিয়ে ওই দিন রাতে শিক্ষক সমিতির নেতারা কর্মকর্তাদের বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন এবং চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। একই দিন কর্মকর্তা-কর্মচারীরাও শিক্ষকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপাচার্যের কাছে লিখিত দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় ব্যর্থ হন উপাচার্য। পরে পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২৫ সেপ্টেম্বর ভোরে তিনি বিজ্ঞান অনুষদের ডিন আবুল হোসেনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। এরপর ভারপ্রাপ্ত উপাচার্যও কয়েক দফা বৈঠক করেন দুই পক্ষের সঙ্গে। কিন্তু প্রশাসনিক ক্ষমতা না থাকায় তিনিও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি।
এদিকে ১৫ অক্টোবর কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের প্যাডে কয়েকজন শিক্ষকের নামে ক্যাম্পাসে আপত্তিকর প্রচারপত্র বিলি এবং ব্যানার টানানোর পর পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
একপর্যায়ে তাঁরা প্রশাসনিক ভবনে হিসাব পরিচালকের দপ্তরের এক কর্মকর্তার কক্ষে ভাঙচুর চালান। এরপর ১৯ অক্টোবর পরীক্ষা বর্জন করে ছাত্রছাত্রীরা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সেশনজট কমানোসহ ছয় দফা দাবিতে
মানববন্ধন করেন এবং একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিনই ভারপ্রাপ্ত উপাচার্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেন।
কর্মকর্তা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বলেন, ছাত্রদের আন্দোলনে নামানো এবং একাডেমিক ভবনে তালা দেওয়ার ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, ছাত্রদের আন্দোলনে শিক্ষক সমিতির কোনো ভূমিকা নেই।
ভারপ্রাপ্ত উপাচার্য আবুল হোসেন প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় থেকে প্রশাসনিক ক্ষমতা না পাওয়ায় তিনি এসব বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছেন না।