বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধাগারটি সিলগালা করে দেওয়ায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের রোগীরা এক মাস ধরে সরকারি ওষুধ পাচ্ছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ ভান্ডাররক্ষকের বদলিজনিত জটিলতার কারণে গত ২৯ সেপ্টেম্বর ওই ঔষধাগার সিলগালা করে দেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওষুধ ভান্ডাররক্ষক আবদুল খালেক কমপ্লেক্সের ভেতরে গ্যারেজ বসিয়ে সরকারি বৈদ্যুতিক লাইন ও জেনারেটর দিয়ে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়াসহ গাড়ি মেরামতের ব্যবসা শুরু করেন। এই অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবদুল ওহাব হাওলাদার এক চিঠির আদেশে আবদুল খালেককে বরগুনা জেনারেল হাসপাতালে প্রেষণে বদলির আদেশ দেন এবং এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন। কিন্তু খালেক কর্মস্থলে যোগ না দিয়ে বদলির আদেশ প্রত্যাহারের জন্য দেন-দরবার শুরু করেন। পরে ২৪ সেপ্টেম্বর তাঁর বদলির আদেশ স্থগিত করা হয়। কিন্তু ২৯ সেপ্টেম্বর আবার তাঁকে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে বদলি করা হয়। এরপর ঔষধাগারটি সিলগালা করে দেওয়া হয়। বন্ধ হয়ে থাকায় প্রতিদিন শত শত দরিদ্র রোগী সরকারি ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন।
বরগুনা জেলা সিভিল সার্জন আনিসুর রহমান বলেন, ‘বিষয়টি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে আমাদের করণীয় কিছু নেই।’