এক মাস ধরে টিআর প্রকল্পের কাজ বন্ধ
হরতাল ও অবরোধের কারণে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার সরকারি খাদ্যগুদামে গম আসছে না। ফলে টিআর প্রকল্পের উন্নয়নমূলক কাজ প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এদিকে গমের ডিও (ডেলিভারি অর্ডার) প্রকল্প কমিটির অনুকূলে ছাড় দিয়ে ২২ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন উপজেলা দুটির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও)। এতে করে বেকায়দায় পড়েছেন প্রকল্প কমিটির সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই দুটি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ ও সাধারণ বরাদ্দের আওতায় গত ২৩ অক্টোবর ৭৭২ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর বিপরীতে দুটি উপজেলায় ৪৬০টি প্রকল্প গ্রহণ করা হয়।
পিআইওর কার্যালয় থেকে জানা গেছে, ওই প্রকল্পগুলোতে প্রথম পর্যায়ের কাজ করার জন্য গমের ডিও গত ৫ থেকে ১০ নভেম্বরের মধ্যে প্রকল্প কমিটির অনুকূলে ছাড় দেওয়া হয়। কিন্তু উপজেলা সরকারি খাদ্যগুদামে গম না থাকায় তা তুলতে পারছেন না প্রকল্প কমিটির সদস্যরা। এতে করে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
তারাগঞ্জের উত্তর নারায়ণজন গ্রামের নমির মিয়ার বাড়ি থেকে ইয়াছিন আলীর বাড়ি পর্যন্ত সড়ক সংস্কারকাজে টিআরের আওতায় দুই মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়।
এই প্রকল্পের সভাপতি দুলাল মিয়া বলেন, গমের ডিও হাতে নিয়ে এক মাস ধরে তিনি খাদ্যগুদামে ঘুরেও গম পাননি। ফলে ওই সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে। এদিকে ২২ ডিসেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার নোটিশ দিয়েছেন পিআইও।
দরগঞ্জের পিআইও মিজানুর রহমান বলেন, ‘আমরা টিআরের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ করার জন্য প্রকল্প কমিটির অনুকূলে ডিও ছাড় দিয়েছি। কিন্তু খাদ্যগুদামে গম না থাকায় কাজ বন্ধ রেখেছেন প্রকল্প কমিটিগুলোর সদস্যরা। এতে প্রকল্পের নিয়মতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে আমরা সমস্যায় পড়েছি।’ তারাগঞ্জের পিআইও রেফাউল আযম বলেন, ‘ডিও ছাড় দেওয়ার পর প্রায় এক মাস হতে চলছে। সরকারি খাদ্যগুদামে গম আছে কি না বা প্রকল্প কমিটির সদস্যরা তা পেলেন কি না, সেটা দেখার দায়িত্ব আমার না। আমাকে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজ করতে হয়। তাই ২২ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ করে প্রকল্প কমিটিগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র (মাস্টাররোল) জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।’
বদরগঞ্জের খাদ্যগুদামের কর্মকর্তা ছিদ্দিক হোসেন ও তারাগঞ্জের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, হরতাল-অবরোধের কারণে গম আসছে না। গুদামে গম না থাকায় তাঁরা তা দিতে পারছেন না। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।