এক মাস ধরে ট্রলারসহ ১৭ জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ১৭ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার এক মাস ধরে নিখোঁজ রয়েছে। এতে নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ অক্টোবর শহরের বাহারছড়া এলাকার মো. আলী মিয়ার মালিকানাধীন এফবি ফারজানা শারমিন নামের ট্রলারটি ১৭ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত ট্রলারটি আর ফিরে আসেনি।
ট্রলারের মালিক আলী মিয়া বলেন, ১৭ জেলে নিয়ে ট্রলারটি নিখোঁজ থাকার পর তিনি চট্টগ্রাম, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, খুলনাসহ বিভিন্ন উপকূলে অনুসন্ধান করেছেন। কিন্তু কোনো খোঁজ পাচ্ছেন না। জলদস্যুরা জেলেদের সাগরে নিক্ষেপ করে ট্রলারটি লুট করতে পারে। অথবা ট্রলারটি দস্যুরা মালয়েশিয়ায় যাত্রী পাঠানোর জন্য দালালদের কাছে বিক্রি করে দিতে পারে। এ ব্যাপারে ৯ নভেম্বর কক্সবাজার সদর মডেল থানায় জিডি করা হয়েছে।
নিখোঁজ ট্রলারের মাঝি (সারেং) শহরের নতুন বাহারছড়ার আবু তাহেরের (৫০) ছেলে আবুল কালাম (২৪) বলেন, বাবা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে গেলে সর্বোচ্চ ১২ দিন থাকেন। এরপর মাছ নিয়ে উপকূলে ফিরে আসেন। কিন্তু এবার এক মাস অতিক্রান্ত হলেও ফিরে আসছেন না। এতে পরিবারের সবাই উদ্বিগ্ন। ছোট ভাইবোনেরা বাবার জন্য কান্নাকাটি করছে।
শহরের কলাতলী গ্রামের গৃহবধূ আকলিমা বেগম (৩২) বলেন, তাঁর স্বামী আবু শামা (৪০) এক মাস ধরে নিখোঁজ থাকায় দুই ছেলেমেয়ে নিয়ে তাঁকে না খেয়ে থাকতে হচ্ছে। স্বামী মারা গেছেন, নাকি বেঁচে আছেন—তাও জানতে পারছেন না।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, গভীর সাগরে নেমে নিখোঁজ জেলেদের সন্ধান চালানোর মতো জলযান পুলিশের নেই। তারপর পুলিশ নানাভাবে নিখোঁজ জেলেদের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে।