এক মাস ধরে পাঠকার্যক্রম বন্ধ, শিক্ষার্থীদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রমে গত এক মাস অচলাবস্থা বিরাজ করলেও কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করতে না পারায় সাধারণ শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল বুধবারও বিশ্ববিদ্যালয়ে কোনো শ্রেণীকার্যক্রম ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের দ্বিতীয় লেভেলের ফলাফলে নয় শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালনের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত ফলাফলে অকৃতকার্য নয়জনের প্রায় সবাই ছাত্রলীগের কর্মী-সমর্থক। এ অবস্থায় ফলাফল ঘোষণার দিন আবার ফলাফল এবং শর্ট সেমিস্টার পদ্ধতি প্রচলনের দাবিতে ছাত্রলীগের নেতৃত্বে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এর পর থেকে আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেন।আন্দোলনকারী ছাত্রলীগের একাধিক কর্মী-সমর্থক জানান, বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারসহ ২২ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। শাস্তি পাওয়াদের সবাই ছাত্রলীগের কর্মী। এ ছাড়া ওই দিন ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না এমন কয়েকজনকেও শাস্তির আওতায় নিয়ে এসে কর্তৃপক্ষ প্রতিহিংসার পরিচয় দিয়েছে বলে তাঁরা মন্তব্য করেছেন।শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক জয় প্রকাশ রায় বলেন, ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তির আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার, শর্ট সেমিস্টার চালুসহ কয়েকটি দাবি আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। এগুলো মেনে নেওয়া হলে ছাত্র ধর্মঘট প্রত্যাহার করা হবে। বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস কিংবা পরীক্ষা হচ্ছে না—এটার দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।’সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা পরিচালক মো. জামালউদ্দিন ভূঞা প্রথম আলোকে বলেন, পুরো বিষয় নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। শিগগিরই এই অচলাবস্থা নিরসন হয়ে যাবে।উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের দ্বিতীয় লেভেলের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মীসহ নয়জন শিক্ষার্থী অকৃতকার্য হন। পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে না পেরে ওই শিক্ষার্থীদের নেতৃত্বে একদল শিক্ষার্থী ওই রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ জানুয়ারি ৩৬ শিক্ষার্থীকে আসামি করে থানায় মামলা দায়েরের পাশাপাশি ২৩ জানুয়ারি ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের পাশাপাশি ধারাবাহিকভাবে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে।