দেশে আমদানি করা ইউরিয়া সার জাহাজ থেকে খালাসে অস্বাভাবিক দেরি হচ্ছে। এতে সারের পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ইউরিয়া সারের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সারের আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) কর্মকর্তারা দাবি করেন, সারসংকটের কোনো আশঙ্কা নেই।সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং বিভিন্ন নদীবন্দরে নোঙর করা জাহাজে ভাসছিল আড়াই লাখ টনের বেশি ইউরিয়া সার। এর মধ্যে চট্টগ্রাম ও মংলা বন্দরে ১২টি বড় জাহাজ (মাদার শিপ) এক থেকে দেড় মাস ধরে দাঁড়িয়ে আছে। এ সব জাহাজে গতকাল বিকেল পর্যন্ত ছিল প্রায় এক লাখ ৩৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার। যশোরের নোয়াপাড়া, সিরাজগঞ্জের বাঘাবাড়ী-নগরবাড়ী, ঘোড়াশাল, বরিশাল, মিরপুর প্রভৃতি নদীবন্দরে প্রায় ১৮০টি ছোট জাহাজে (লাইটার) আরও এক লাখ ২৬ হাজার টন ইউরিয়া রয়েছে। সার গুদামে নামাতে দুই সপ্তাহ থেকে ২৫ দিন ধরে অপেক্ষা করছে ছোট জাহাজগুলো।বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) দীপক রঞ্জন দত্ত প্রথম আলোকে বলেন, ‘নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ইউরিয়া সারের চাহিদা বেশি। বিষয়টি মাথায় রেখে আমরা এসব সার আমদানি করেছি। এখন অভ্যন্তরীণ পরিবহন সমস্যার কারণে সার খালাসে দেরি হচ্ছে। তবে এ জন্য মাঠপর্যায়ে সারের কোনো সংকট হচ্ছে না।’সার রপ্তানিকারকদের প্রতিনিধি, পরিবহন ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় জাহাজ থেকে সার নামানোর মতো পর্যাপ্ত লাইটার জাহাজ পাওয়া যাচ্ছে না। আবার বিভিন্ন এলাকায় বিসিআইসির গুদামেও সার রাখার জায়গা নেই। ফলে লাইটার জাহাজের সারও সময়মতো গুদামে নামানো যাচ্ছে না। এ কারণে সার পরিবহন ঠিকাদারেরা নির্ধারিত দরের বাইরে সমঝোতার মাধ্যমে বিসিআইসি থেকে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ আছে।পরিবহন ঠিকাদার নবাব অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নবাব খান বলেন, ‘বিসিআইসির গুদাম খালি না থাকায় মাসের পর মাস লাইটার জাহাজে সার রাখতে হচ্ছে। এতে লাইটার ভাড়া অনেক বেড়ে যাচ্ছে। আমরা বিসিআইসির মাধ্যমে সমঝোতা করে যে দর নিচ্ছি, তাতেও খরচ পোষাতে পারছি না।’ এ ছাড়া মেসার্স পটন ট্রেডার্স, বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল এবং গ্রামসিকো করপোরেশন বিসিআইসির আমদানি করা সারের পরিবহন ঠিকাদার হিসেবে নিয়োগ পায়।চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, আমদানি করা ২৫ হাজার ৫৩ মেট্রিক টন ইউরিয়া নিয়ে ‘এমভি বিল আটলান্টিক’ বন্দরের বহির্নোঙরে ভিড়ে গত ১২ ডিসেম্বর। স্বাভাবিক নিয়মে খালাস হলে ২৫ ডিসেম্বরের মধ্যে এই জাহাজের সব সার খালাস হওয়ার কথা। কিন্তু ৪৫ দিন পরও খালাসের অপেক্ষায় ছিল ওই জাহাজের চার হাজার ৩৯৯ মেট্রিক টন সার।একইভাবে ১৩ হাজার মেট্রিক টন ইউরিয়া নিয়ে গত ১২ ডিসম্বের আসা জাহাজ ‘এমভি বাংলার দূত’-এ গতকাল পর্যন্ত তিন হাজার ১৮৬ টন সার ছিল। চট্টগ্রাম বন্দরে সার খালাসের অপেক্ষায় আছে এমভি ডোভার, এমভি গ্রিন ওশেন, এমভি উইন মুনি ও এমভি ডায়না সি।মংলা বন্দর সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর বন্দরে আসা ‘এমভি ডিডি সাকসেস’-এ গতকাল খালাসের অপেক্ষায় ছিল ছয় হাজার ১৬০ মেট্রিক টন ইউরিয়া। এ জাহাজে মোট সার ছিল ১৩ হাজার টন। এ ছাড়া এমভি পং মাই স্টার, এমভি ওরিয়েন্টাল ড্রাগন, এমভি বাও কুইং ম্যান ও এমভি চিফ এমভি এসিলিস-১ খালাসের অপেক্ষায় আছে। এমভি এসিলিস বন্দরে নোঙর করে গত ২২ জানুয়ারি। এক সপ্তাহে ওই জাহাজের এক টন সারও খালাস হয়নি।