এক মাস পর অপহূত স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় পরিত্যক্ত একটি চাতাল থেকে গত রোববার সন্ধ্যা সাতটার দিকে অপহূত এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের খবর পেয়ে ছাত্রের বাবা থানায় এসে লাশ শনাক্ত করেন।
ওই ছাত্রের নাম আবদুর রহমান (৬)। সে উপজেলার কোলগ্রামের নজরুল ইসলামের ছেলে ও দুপচাঁচিয়া ডিএস কেজি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র ছিল। গতকাল সোমবার খুনিদের শাস্তির দাবি জানিয়ে ওই স্কুলসহ চারটি কেজি স্কুলের কয়েক শ শিক্ষার্থী মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসন চত্বরে এ মানববন্ধন হয়।
পুলিশ জানায়, উপজেলার কোলগ্রামের নজরুল ইসলাম দুপচাঁচিয়া সরদারপাড়ায় পরিবার নিয়ে থাকতেন। তিনি উপজেলা সদরের খন্দকার মার্কেটে দর্জির ব্যবসা করতেন। গত ৭ জানুয়ারি তাঁর ছেলে আবদুর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ঘটনার দুই দিন পর নজরুল ইসলাম দুপচাঁচিয়া থানায় ছেলে নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই অপহরণকারীরা মুঠোফোনে মুক্তিপণ দাবি করতে থাকে। নজরুল বিষয়টি গোপন রেখে বিকাশের (মোবাইল ব্যাংকিং) মাধ্যমে তিন দফায় অপহরণকারীদের ১০ হাজার টাকা মুক্তিপণ দেন। ছেলে নিখোঁজের ঘটনায় নজরুল ভয়ে দুপচাঁচিয়া থেকে পরিবার নিয়ে গ্রামে ফিরে যান।
নিখোঁজের এক মাসের মাথায় রোববার উপজেলা সদরের মহিলা কলেজসংলগ্ন সড়কের একটি পরিত্যক্ত চাতালের লেবার শেড থেকে পুলিশ শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ওইদিন রাতেই নজরুল বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খরব পেয়ে একটি পরিত্যক্ত চাতাল থেকে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে কয়েক দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। খুনিদের ধরতে পুলিশ শিগগিরই অভিযানে নামবে।