এক মাস পর আজ খুলছে আইএইচটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর এলাকার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাস আজ বৃহস্পতিবার খুলছে। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। ৩১ ডিসেম্বর থেকে পরীক্ষাও শুরু হবে। তবে শ্রেণি কার্যক্রম কবে থেকে শুরু হবে, সে সিদ্ধান্ত হয়নি।

প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এস এম আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, পরীক্ষাগুলো যথাসময়ে হবে। তবে সব বিভাগের শ্রেণি কার্যক্রম শুরু করার বিষয়ে কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে।

গত ২৮ নভেম্বর প্রতিষ্ঠানটির ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের পর আইএইচটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ছাত্রাবাসসহ শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।