এক মাস পর চালু হলো দৌলতদিয়া ১ নম্বর ঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ থাকার এক মাস পর রাজবাড়ীর দৌলতদিয়ার ১ নম্বর ঘাটটি আজ সোমবার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে বেশ কিছুদিন ধরে যেকোনো দুটি ঘাট বন্ধ থাকছে। আজ ১ নম্বর ঘাটটি চালু হলেও ২ ও ৪ নম্বর ঘাট বন্ধ রয়েছে। আর ৩ নম্বর ঘাটটি আংশিক চালু রয়েছে। সব কটি ঘাট একই সময়ে চালু না থাকায় দুর্ভোগ কমছে না মানুষের। পারাপার ব্যাহত হচ্ছে। ঘাটে আটকে থাকছে কয়েক শ গাড়ি। পদ্মায় ভাঙন অব্যাহত থাকলে ঈদের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, পদ্মার ভাঙনে গত ৬ আগস্ট বন্ধ হয়ে যায় ১ নম্বর ঘাট। আজ সোমবার বেলা দুইটার দিকে ১ নম্বর ঘাটে পরীক্ষামূলকভাবে রো রো (বড়) ফেরি ভাষাসৈনিক ডা. গোলাম মওলা পাটুরিয়া থেকে ভেড়ে। ওই ঘাট থেকে ফেরিটি গাড়ি বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। তবে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি ভিড়তে অনেক সময় লাগছে।
তিনি জানান, ৩ নম্বর ঘাটের তিনটি পকেটের মধ্যে দুটি পকেট চালু রয়েছে। দুই পকেট দিয়ে ফেরিতে গাড়ি ওঠানো-নামানো কর হচ্ছে। ৪ নম্বর ঘাটের র‌্যামের ফিঙ্গার (কবজা) আজ সোমবার সকাল ১০টার দিকে ভেঙে যাওয়ায় ওই ঘাট দিয়ে যানবাহন সাময়িকভাবে পারাপার বন্ধ রাখা হয়।

আজ দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, ১ নম্বর ঘাট চালু করা হচ্ছে। ২ নম্বর ঘাটের সামনে র‌্যাকার রাখা হয়েছে। ঘাট-সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ার তিন-চারটি পরিবার ঘরের আসবাব ও স্থানীয় কয়েক দোকানি মালামাল সরিয়ে নিচ্ছেন। র‌্যাম ও পন্টুন-সংলগ্ন বসতবাড়ির ভিটেমাটি বড় বড় চাপ নিয়ে ধসে পড়ছে। মানুষজন অসহায়ের মতো দাঁড়িয়ে তা দেখছে। ৪ নম্বর ঘাটে র‌্যামের কবজা সংযুক্ত করতে কয়েকজন শ্রমিক ওয়েল্ডিংয়ের কাজ করছেন।
৪ নম্বর ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা ইউটিলিটি ফেরি ‘শাপলা শালুক’-এর প্রধান মাস্টার ইলিয়াস আহমেদ জানান, ঘাট না পেয়ে দেড় ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষায় আছি। আমার মতো পেছনে আরও কয়েকটি ফেরি বসে আছে।

ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পর্যন্ত পশুবাহী ট্রাক, পণ্যবাহী কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাসসহ কয়েক শ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যানালঘাটের পর আরও প্রায় এক কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে। বেলা বাড়ার সঙ্গে গাড়ির লাইন আরও দীর্ঘ হচ্ছে। আটকে থাকা অনেক যাত্রীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
যশোর থেকে আসা গাড়িচালক কাজী রফিক বলেন, এ ঘাট থেকে সরকার প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব পায়। অথচ ঘাটের ব্যাপারে কারও কোনো মাথাব্যথা নেই। বর্ষার আগে থেকেই ভাঙন নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় খবর দেখেছি। তারপরও কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা না নেওয়ায় এই ভোগান্তি হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৯টির মধ্যে ১৬টি ফেরি সচল রয়েছে। ঘাটসংকটে ফেরি ঠিকমতো চলতে পারছে না। বাধ্য হয়ে পাটুরিয়া থেকে এক ঘণ্টা পরপর ফেরি ছাড়তে বলা হচ্ছে। তিনি বলেন, ভাঙন অব্যাহত থাকলে ঈদের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।