বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী লাঞ্ছনার ঘটনায় ব্যাপক সমালোচনার পর এবার মুখ রক্ষায় নেমেছে পুলিশ। সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে পাওয়া আটজনের অস্পষ্ট ছবি দিয়ে তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। গতকাল পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়।
এক মাসেরও বেশি সময়ে পুলিশ জড়িত একজনকেও ধরতে পারেনি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ফুটেজ পরীক্ষায় কারও পরিচয় সম্পর্কেই নিশ্চিত হতে পারেনি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের প্রচারিত বিজ্ঞপ্তিতেও মেলেনি কার্যকর সাড়া। এরই মধ্যে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নানা ধরনের কথা বলে সমালোচিত হয়েছেন।
আইজিপি গত বুধবার এ ঘটনাকে ‘কিছু ছেলেদের দুষ্টামি’ বলে উল্লেখ করেছেন। প্রথম থেকেই এ ঘটনায় পুলিশের ব্যর্থতায় একাধিক ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে। এ ছাড়া নারী নির্যাতনবিরোধী প্রতিবাদ সমাবেশে একদল পুলিশ নারী নির্যাতন করে চরম নিন্দা কুড়িয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, পয়লা বৈশাখের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার পর পুলিশের নানা ভূমিকা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে। বিশেষ করে এ ঘটনাকে কিছু ছেলের ‘দুষ্টামি’ বলায় এ ব্যাপারে সরকারকেও প্রশ্নবিদ্ধ করেছে পুলিশ। এত দিন পর হলেও আটজনের ছবি বের করতে পেরেছে পুলিশ। আর এ বিষয়ে পুলিশ কী করছে, তা সরকারকেও জোরালোভাবে মনিটর করতে হবে।
এদিকে বর্ষবরণের দিনের ঘটনায় পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেও গতকাল পর্যন্ত তাঁদের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের করা তদন্ত কমিটি তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। তবে একজনকে তদন্ত শুরুর আগেই কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছিল। আর বর্ষবরণের ঘটনার ভিডিও এবং ছবি গণমাধ্যমে এলেও এখন পুলিশ বলছে, নিপীড়নের শিকার নারী বা প্রত্যক্ষদর্শী কারও কাছ থেকে কোনো তথ্য বা সহযোগিতা তারা তদন্তের ক্ষেত্রে পায়নি।
বর্ষবরণে নারী নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে ডিএমপির অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন ডিএমপির যুগ্ম কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান ও ডিবির ডিসি (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নিপীড়কদের ব্যাপারে তথ্য চাওয়া হয়। কমিটির একজন সদস্য প্রথম আলোকে জানান, নারী লাঞ্ছনাকারীদের চিহ্নিত করতে ঘটনাস্থলে উপস্থিত কোনো ব্যক্তির কাছে কোনো ছবি অথবা ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির পরিচয় বা কোনো ধরনের তথ্য থাকলে একটি নির্ধারিত মোবাইল ফোন নম্বরে জানাতে অনুরোধ করেছিল পুলিশ। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও তাতে সাড়া পাওয়া যায়নি। ওই নম্বরে আসা ফোনকল থেকে বিভিন্নজনের গালাগালও শুনতে হয়েছে পুলিশকে।
এ ঘটনা নিয়ে পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। মামলার তদন্তে সহায়তার জন্য পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী কমিশনারকে প্রধান করে পৃথক কমিটি করা হয়। এখন পর্যন্ত নিপীড়নের শিকার কোনো নারী পুলিশের কাছে সাক্ষ্য দিতে আসেননি। এমনকি পুলিশও লাঞ্ছনার শিকার কোনো নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি।
বর্ষবরণের অপরাধীদের কেন শনাক্ত করা গেল না, জানতে চাইলে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ‘আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। ভিডিও ফুটেজ সব টিভি চ্যানেলে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও কোনো তথ্য মেলেনি। এখন আমরা সবার কাছ থেকে তথ্য চাইছি। যাঁরা খবর দেবেন তাঁদের পরিচয় গোপন রাখা হবে।’ তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে ভিডিও ফুটেজ দেখে আটজনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এরা কারা, তা বলা যাচ্ছে না। এদের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। এদের ছবি গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে, যাতে কেউ তাদের শনাক্ত করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী বলেন, শুরু থেকেই এ ঘটনায় সরকার ও পুলিশের গাফিলতি লক্ষ করা গেছে। কারা জড়িত তা আগেই বের করা উচিত ছিল। তিনি বলেন, বিচারহীনতার কারণে নারী নির্যাতনের মতো ঘটনাগুলো ঘটছে। প্রথমেই দমন করা উচিত। না পারলে দোষী ব্যক্তিদের বিচার করা উচিত। কঠিন শাস্তি দেওয়া উচিত। তাহলে ঘটনার পুনরাবৃত্তি হয় না। আর এ ধরনের ঘটনা ঘটলে পুলিশকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে।