এক মাস পর বাড়ি ফিরল রাজশাহীর আরিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ দিন পর রাজশাহীতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নিরাপদ-নিবাস থেকে গতকাল মঙ্গলবার বাড়ি ফিরেছে তানোর উপজেলার সেই কিশোরী আরিফা খাতুন।নোনপুকুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় আরিফার দায়িত্ব নেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য। নিজের গ্রামকে মাদকমুক্ত করতে গিয়ে সে এত দিন গ্রামছাড়া ছিল। আগামী শনিবার থেকে আরিফার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা। গতকাল সকালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাজশাহী জেলা জাতীয় মহিলা পরিষদের একটি প্রতিনিধিদল আরিফাকে নিয়ে তানোর যায়। তাদের সঙ্গে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোনপুকুর গ্রামে যান। সেখানে পাঁচন্দর ইউপির চেয়ারম্যান মমিনুল হকের সভাপতিত্বে এক সভা হয়। এতে আরিফার বাড়িতে অবস্থান এবং বিদ্যালয়ে যাতায়াতের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হয়।সভায় তানোর থানার ওসি আবুল হাশেম বলেন, ‘আপনাদের সবাইকে আরিফার মতো দায়িত্ব পালন করতে হবে। তা ছাড়া শুধু পুলিশের একার পক্ষে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়।’প্রসঙ্গত, আরিফা খাতুন উপজেলার কোয়েল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বছর খানেক আগে সে ১৫ জন কিশোর-কিশোরীকে নিয়ে ‘নোনপুকুর মাদকবিরোধী গণগবেষণা দল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে। তারা গ্রামকে মাদকমুক্ত করার শপথ নেয়। এতে মাদক ব্যবসায়ীরা আরিফার ওপর ক্ষুব্ধ হয়।