নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিন হত্যা মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি। এক মাস ধরে মামলাটির তদন্ত করছিল থানা-পুলিশ। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, মামলাটি তদন্তের জন্য সিআইডিকে তাঁরা মৌখিকভাবে বলেছিলেন। সিআইডিও মামলাটি তদন্তের জন্য আগ্রহ দেখায়।
এ বিষয়ে সিআইডির নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক মুজাহিদুল ইসলাম বলেন, শনিবার তাঁরা এই মামলার নথি বুঝে নিয়েছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডির উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদকে।
তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ এ প্রসঙ্গে বলেন, গতকাল রোববার তিনি মামলার কাগজপত্র বুঝে নিয়েছেন।
গত ১১ জুলাই রাতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ইমাম জহির উদ্দিনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, জহির উদ্দিন আত্মহত্যা করেছেন। পরে লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসকেরা মত দেন জহির উদ্দিন আত্মহত্যা করেননি, তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। কিন্তু ঘটনার এক মাস পরও এ ঘটনার কোনো কিনারা করতে পারেনি পুলিশ।
জানতে চাইলে নিহত জহির উদ্দিনের বড় ছেলে মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তাঁর বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হোক এটাই চান তিনি।