এক মাস পর গতকাল সোমবার দুপুর থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নাব্যতা সংকটের কারণে এই নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। খননকাজ শেষ হওয়ার পর গতকাল নৌপথটি পুরোপুরি খুলে দেওয়া হয়।
ঈদের আগে ফেরি চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদ্মা সেতুর নদীশাসন কাজের ঠিকাদার প্রতিষ্ঠান সিনো হাইড্রোর তত্ত্বাবধানে ১ সেপ্টেম্বর থেকে খননকাজ শুরু করা হয়।
১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খননকাজের জন্য এই নৌপথের লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে সীমিত পরিসরে বিকল্প পথে ফেরি চলাচল অব্যাহত ছিল। গতকাল দুপুর থেকে লৌহজং টার্নিং পয়েন্টের দুই পাশ দিয়ে ফেরি চলাচল শুরু হয়। এর আগে লৌহজং টার্নিং পয়েন্টের এক পাশ দিয়ে কাওড়াকান্দি থেকে ফেরি শিমুলিয়ার দিকে যেতে পারত। এখন শিমুলিয়া থেকেও কাওড়াকান্দি ঘাটে ফেরি যেতে পারছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট কার্যালয় থেকে জানা গেছে, গতকাল ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়েছে। ডাম্প ফেরিগুলো গতকালও পালেরচর এবং মাঝিকান্দি হয়ে কাওড়াকান্দির দিকে চলেছে। রো রো, মাঝারি ও ছোট ফেরি লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে আসা-যাওয়া করতে পারছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. আশিকুজ্জামান জানান, এখন পর্যন্ত ঈদে বাড়ি ফেরার তেমন চাপ
অনুভব করা যায়নি। তবে আজ মঙ্গলবার থেকে গাড়ির চাপ বাড়তে পারে। আজ থেকে ডাম্প ফেরিও লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে চলতে পারবে। এ জন্য খননকাজের পাইপ ও যন্ত্রাংশ চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হবে।
মাওয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন গতকাল সন্ধ্যায় জানান, এখনো গাড়ির জন্য ফেরিগুলোকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। তবে আজ মঙ্গলবার সকাল থেকে গাড়ির চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।