এক মাস পরও সন্ধান মেলেনি স্কুলছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার এক কিশোরীকে অপহরণের অভিযোগে মাসখানেকেরও বেশি সময় আগে মামলা হলেও এখনো মেয়েটি উদ্ধার হয়নি। কিশোরীটিকে অপহরণের ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো মেয়েটি উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন তার পরিবার।

গ্রেপ্তার দুই ভাই হলো আজিম উদ্দিন (২৩) ও মাঈন উদ্দিন (১৮)। তাঁরা উপজেলার রূপনগর গ্রামের নুর নবীর ছেলে। এ দুজনসহ মেয়েটির অপহরণ মামলার আসামি ১১ জন।

এজাহার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর (১৪) বাড়ি ধরমপাশা উপজেলায়। সে এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন মাঈন। গত ৮ জুন রাত ১০টার দিকে মাঈনসহ অন্য আসামিরা ওই স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে জোর করে তাকে তুলে নিয়ে যান। রাত দেড়টার দিকে পুলিশ মাঈন উদ্দিনের বাড়িতে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। তখন মাঈনকে আটক করে পুলিশ। রাতেই ছাত্রীটির বাবা মধ্যনগর থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। পরদিন পুলিশ মাঈন ও মেয়েটিকে আদালতে হাজির করে। আদালত মাঈনকে কারাগারে পাঠান এবং মেয়েটিকে নিজ পরিবারের জিম্মায় দেন। এরপর ছাত্রীটির বাবা ১৩ জুন মধ্যনগর থানায় আরেকটি জিডি করেন। এতে তিনি উল্লেখ করেন, ১১ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘুম থেকে ওঠে তিনি দেখেন, তাঁর মেয়ে ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। দায়ের করা মামলার আসামিরাই আবার মেয়েটিকে অপহরণ করেছে বলে অভিযোগ করেন মেয়েটির বাবা। আসামিরা আপসের জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন মেয়েটির বাবা।

মেয়েটির চাচা বলেন, ‘নিখোঁজ হওয়ার পর দুবার মেয়েটি পরিবারের লোকজনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছে। সে কেঁদে কেঁদে তার বাবাকে বলেছে, মামলা তুলে না নিলে অপহরণকারীরা তাকে ছাড়বে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমরা মেয়েকে ফেরত চাই।’

মধ্যনগর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান গতকাল রোববার বলেন, ‘প্রথম ঘটনার পরই মাঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মেয়ের বাবা নিখোঁজের জিডি করার পর আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ’