এক মাস পার হলেও গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহান সম্প্রদায়ের মোহনলাল পাহান (৬২) হত্যাকাণ্ডের পর মাস খানেক পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মোহনলাল পাহানকে খুন করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়েছেন। মোহনলাল পাহান উপজেলার তিলকপুর ইউনিয়নের শিয়ালা গ্রামের বাসিন্দা ছিলেন।
গত ১৬ আগস্ট বিকেলে বাড়ির অদূরে একটি মরিচখেতে মোহনলাল পাহানের গলাকাটা লাশ পাওয়া যায়। পরদিন নিহত বৃদ্ধের ছেলে শ্যামল পাহান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা না হলেও ৩৬ বিঘা জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে উল্লেখ করা হয়।
শ্যামল পাহান বলেন, ‘হত্যার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) রাইসুল ইসলাম জানান, ২০ বিঘার একটি পুকুর ও ১৬ বিঘা ফসলি জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মোহনলাল পাহানকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তবে হত্যাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘মোহনলাল পাহান খুনের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তথ্যপ্রমাণ ছাড়া কাউকে অযথা হয়রানি করতে চাই না।’