এক মাস পেরোলেও শঙ্কা কাটেনি সাঁওতালপল্লিতে
আজ মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনার এক মাস পূর্ণ হলো। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সাঁওতালদের মধ্যে আতঙ্ক কাটছে না। সাঁওতালদের দায়ের করা মামলারও কোনো অগ্রগতি নেই।
সাঁওতাল গ্রামে হামলার এক মাস পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যায় গাইবান্ধা শহরের বিজয়স্তম্ভে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হয়।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে তিরবিদ্ধ নয়জন এবং গুলিবিদ্ধ হন চারজন। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন।
সাঁওতাল গ্রামে হামলার ঘটনায় তিনটি মামলা হয়। এর মধ্যে ঘটনার দিন রাতে পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ায় ৪২ জনের নাম উল্লেখ করে ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেন। এ মামলায় চারজন সাঁওতালকে গ্রেপ্তার করা হলেও পরে তাঁরা জামিন পান। ১৬ নভেম্বর স্বপন মুরমু বাদী হয়ে ৬০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেন। এ ঘটনায় গত এক মাসে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। ২৬ নভেম্বর স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত করে থোমাস হেমব্রম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত দেখিয়ে এই মামলা করেন। এ মামলায় এক মাসেও কেউ গ্রেপ্তার নেই। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বলেন, মামলাগুলোর তদন্ত করা হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে সাঁওতালদের মধ্যে আতঙ্ক কাটছে না। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে মুঠোফোনে বলেন, ‘এখনো আমাদের লোকজন বাজারে যেতে ভয় পাচ্ছেন। বাজারে গেলে অপরিচিত লোকজন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।’
আজ সন্ধ্যা ছয়টায় গাইবান্ধা শহরের পৌর পার্কের বিজয়স্তম্ভে মোমবাতি প্রজ্বালন করা হয়। বাংলাদেশ আদিবাসী পরিষদের ডাকা এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা মহিলা পরিষদ ও গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ।
মোমবাতি প্রজ্বালনের আগে বিজয়স্তম্ভ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি জহুরুল কাইয়ুম। বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গনি, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানু মিয়া, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সদস্য বার্না বাশ, সাঁওতালদের পক্ষে রিনা মারডি, ভিরজিলিউস হেমব্রম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাবেক সভাপতি ওয়াজিউর রহমান, ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক রেবতী বর্মণ, দলিত সম্প্রদায় নেতা রাজেশ বাঁশফোর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সাঁওতালদের পক্ষে মামলা দায়েরের ১১ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনার ইন্ধনদাতা স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আহম্মেদসহ কোনো আসামিকেই গ্রেপ্তার করা হয়নি। বক্তারা আরও বলেন, ওই সাংসদ ও ইউপি চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বক্তারা গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, আহত সাঁওতালদের ক্ষতিপূরণ, সাঁওতালদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, তাঁদের বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবি জানান।