পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার বিকেলে ডেপুটি রেজিস্ট্রার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ ছাত্রকে সাময়িক বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় এক মাসের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৬তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, রিজেন্ট বোর্ডের কোনো সভা না করেই এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু উচ্ছৃঙ্খল ছাত্র বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। আলোচনার মাধ্যমে তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য বিভিন্ন অশালীন আচরণ করে। ফলে পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাহাদী হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. আল আমিন, গণিত বিভাগ দ্বিতীয় বর্ষের মো. সাজ্জাদ হোসেন ও মো. খালেদ হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র মো. বাকি বিল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি মো. খায়রুল আলমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা অনুসারে আগামী ৫ আগষ্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানভিরুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় আছি। রিজেন্ট বোর্ডের কোনো চিঠি পাইনি। আমাকে কিছু জানানোও হয়নি।’ ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মর সঙ্গে যোগাযোগ করলে তাঁকে পওয়া যায়নি, তাঁর মুঠোফোনও বন্ধ ছিল। উপাচার্য মো. মোজাফ্ফর হোসেনের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে। বিকেল সোয়া চারটায় উপাচার্যের কার্যালয়ে গেলে তিনি দেখা করেননি। কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (অর্থ ও হিসাব) শাহেন শাহ প্রথম আলোকে বলেন, ‘স্যার বিশ্রামে আছেন। এখন দেখা করা যাবে না।’এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান বাদী হয়ে ৩৫ ছাত্রের বিরুদ্ধে মারধরের মামলা করেন। এতে পুলিশ পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করায় আরও ক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান পাঁচ ছাত্রের নাম উল্লেখসহ ৩০-৩৫ ছাত্রকে আসামি করে একটি মারধরের মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন থামাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মরিয়া হয়ে মিথ্যা মামলা করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার কথা ছিল। কিন্তু তাঁরা ক্লাসে না গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকেসহ কয়েকজন শিক্ষককে মারধর করেন। পরে মামলাটি করা হয়।