এক মাসও যায়নি, উঠে যাচ্ছে পিচ
সংস্কারের এক মাসের মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহ অংশের পিচ ও পাথর উঠে গেছে। পিচ-পাথর দিয়ে দুই দফা গর্ত ভরাট করা হলেও সৃষ্টি হচ্ছে নতুন নতুন গর্ত। ঝিনাইদহের বিষয়খালী বাজার থেকে কালীগঞ্জের বারোবাজার এলাকা পর্যন্ত শতাধিক স্থানের গর্ত সড়কে চলাচলকারী যানবাহনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।পাঁচ মাস আগে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এই মহাসড়কের ২৮ কিলোমিটার অংশের সংস্কারকাজ শেষ হয়েছে। এরই মধ্যে পিচ সরে গর্ত তৈরি হওয়ার কারণ কেউ বলতে পারছে না।ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ২০০৯ সালে ঝিনাইদহ-যশোর ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ২৮ কিলোমিটার রাস্তার কার্পেটিংসহ উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ছিল ঝিনাইদহ-যশোর সড়কে ১৮ কিলোমিটার এবং ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে ১০ কিলোমিটার। পরবর্তী সময়ে সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ইসমাইল হোসেন’-এর মালিক ইসমাইল হোসেন কাজটি পান। ওই বছরের ১৫ মার্চ কাজ শুরুর অনুমতি দেওয়া হয়। কাজ শেষ করার নির্ধারিত তারিখ ছিল পরের বছরের ৯ জানুয়ারি। কিন্তু কাজটি যথাসময়ে শেষ করতে ব্যর্থ হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি দুবার সময় বাড়িয়ে নেয়।অভিযোগ উঠেছে, মহাসড়কে নতুন করে ৫০ মিলিমিটার ওভারলে (পুরাতন রাস্তার ওপর নতুন করে দুই ইঞ্চি পুরুত্বের কার্পেটিং) করার কথা; কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ৩০ থেকে ৩৫ মিলিমিটার পুরুত্বের ওভারলে করেছে। এ ছাড়া ওভারলে করার সময় নিম্নমানের পিচ (বিটুমিন) ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রাস্তাটি ঠিকভাবে পরিষ্কার করে নেওয়া হয়নি। তাই ধুলাবালির কারণে নিচের অংশ ওপরের অংশকে ধরে রাখতে পারছে না। ঝিনাইদহের ঠিকাদার আবু সাঈদ জানান, এভাবে রাস্তা নষ্ট হলে জনসাধারণ ও যানবাহনের সঙ্গে ঠিকাদারও ক্ষতিগ্রস্ত হন। এই রাস্তার ক্ষেত্রেও তা-ই হচ্ছে।এ ব্যাপারে ইসমাইল হোসেন মুঠোফানে জানান, রাস্তাটি মেরামতের আগেই তিনি সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছিলেন—এভাবে ওভারলে করলে রাস্তা ভালো থাকবে না। কারণ, ওভারলে সাধারণত ভালো রাস্তার স্থায়িত্ব বাড়ানোর জন্য করা হয়; কিন্তু ফেটে যাওয়া বা ভাঙাচোরা রাস্তায় করলে সেটি স্থায়ী হয় না।ঝিনাইদহ সওজ বিভাগের সাইড সুপারভাইজার আবদার হোসেন জানান, আগে কখনো রাস্তায় এভাবে গর্ত হয়নি। এবার কেন হচ্ছে তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাজান আলী জানান, মূল বেইজ ফেল করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সড়কটির সংস্কারকাজে কোনো দুর্নীতি হয়নি বলে তিনি দাবি করেন।