এক মাসে অর্ধকোটি টাকার গাছ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে গত এক মাসে (শুধু মে মাসেই) প্রায় অর্ধকোটি টাকার গাছ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ গাছগাছালি রক্ষায় নামকাওয়াস্তে জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটি থাকলেও গাছ চুরি ঠেকানো যাচ্ছে না৷ এ কমিটি ও বন পাহারাদার দলের কিছু প্রভাবশালী সদস্যের যোগসাজশে রাজনৈতিক দলের স্থানীয় অসৎ নেতা-কর্মীরা এসব গাছ চুরির ঘটনায় জড়িত বলে জানা গেছে৷
সম্প্রতি জাতীয় উদ্যান এলাকার বাসিন্দাসহ বনকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মে মাসেই উদ্যানের তেরঘড়ি, মাগুরছড়া পশ্চিম এলাকা, জারুরি লুংড়া, রিং ভাঙ্গা, বড়খলা, নার্সারি, অক্সি এলাকা, ফাটাবট, জোড়া সাইনবোর্ড, তলউনী এলাকা থেকে দেড় শতাধিক গাছ কেটে পাচার করা হয়েছে৷ এসব গাছের মধ্যে রয়েছে সেগুন, আগর, জারুল, লোহাকাঠ, চাপালিশ ইত্যাদি৷ কেটে নেওয়া গাছের সাক্ষী হিসেবে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে সেগুলোর গোড়া৷ পাচার হওয়া এসব গাছের বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও কাঠ ব্যবসার সঙ্গে জড়িত লোকজন৷ বনের মূল্যবান এসব গাছগাছালির পাশাপাশি পাচার হচ্ছে গল্লা বেত (বেত বাঁশ) ও বাঁশ৷
নানা বৃক্ষরাজিতে ঢাকা লাউয়াছড়া বন বিটকে ১৯৯৬ সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়৷ সম্প্রতি এখানে গাছ চুরি বেড়ে গেছে৷ সংঘবদ্ধ সশস্ত্র চোরেরা প্রকাশ্যে গাছগাছালি কেটে নিচ্ছে৷ তাঁদের হামলার ভয়ে বনরক্ষীদের অসহায় দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না৷ এমনকি হামলা ও মামলায় ফাঁসানোর ভয়ে কারা এ কাজ করছে, তাদের নামও প্রকাশ করতে চাননি বনে বসবাসকারী মানুষ৷
সরেজমিনে গত ৩০ মে গভীর অরণ্যে গিয়ে বিশাল বিশাল সেগুন, আগর, চাপালিশ, জারুল, লোহাকাঠসহ বিভিন্ন গাছের গোড়া পড়ে থাকতে দেখা যায়৷ নাম প্রকাশে অনিচ্ছুক বনকর্মী ও স্থানীয় কয়েকজন কাঠ ব্যবসায়ী বলেন, এসব পূর্ণবয়স্ক গাছের প্রতিটিতে গড়ে অন্তত ২৫ ঘনফুট করে কাঠ পাওয়ার কথা৷ সে হিসাবে দেড় শ গাছে কাঠের পরিমাণ দাঁড়ায় তিন হাজার ৭৫০ ঘনফুট৷ আর এ পরিমাণ কাঠের বর্তমান বাজারদর প্রায় ৫০ লাখ থেকে ৫৫ লাখ টাকা৷
বনে বসবাসকারী বনকর্মীদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বনাঞ্চল-সংলগ্ন গ্রামগুলোতে বসবাসকারী ক্ষমতাসীন দলের কর্মী হিসেবে পরিচিত চিহ্নিত চক্রই এসব গাছ পাচারে জড়িত৷ তারা গাছ কেটে নেওয়ার পর এ চক্রের সঙ্গে যোগসাজশকারী উদ্যান কমিটির অসৎ সদস্যরা কেটে নেওয়া গাছের গুঁড়ি জব্দ দেখিয়ে হেমারিংয়ের (মার্কিং) পরিবর্তে পুড়িয়ে কিংবা খুঁড়ে নিয়ে চুরির আলামত নষ্ট করে৷
তবে গাছ পাচারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গাছ পাচার রোধে টহল জোরদার করা হয়েছে৷ এতে পাচার অনেকটা কমেছে বলে তিনি দাবি করেন৷ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘বিশাল এই বনে চুরি যে একেবারে হচ্ছে না, তা বলা ঠিক হবে না৷ তবে এক মাসে দেড় শতাধিক গাছ চুরির বিষয়টি আমার জানা নেই৷’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মরতুজ আলী গাছ পাচারের অভিযোগ স্বীকার করেছেন৷ তিনি বলেন, যতটা বলা হচ্ছে, ততটা পাচার হচ্ছে না৷ এই বন কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের লোকবলের ঘাটতি রয়েছে৷ তার পরও এখানকার গাছপালা রক্ষায় আমাদের চেষ্টার কমতি নেই৷ আমরা বনটির উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্য রক্ষায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি৷’