
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুটি ইউনিয়নে পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে। গত এক মাসে ভাঙনে অর্ধশতাধিক পরিবার বসতভিটা হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। এ ছাড়া দুই শতাধিক বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।
সরেজমিনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে নদীভাঙনের এসব তথ্য পাওয়া গেছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার প্রথম আলোকে জানান, নদীভাঙনের হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গোপীনাথপুর ইউনিয়নের বাদরপুর থেকে হারুকান্দি পর্যন্ত দ্রুত নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হলে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ সূত্র জানায়, গত বছরের জুলাই মাসে হরিরামপুরে নদীতীর রক্ষা বাঁধ নির্মাণে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। এর পরপরই উপজেলার রামকৃষ্ণপুর থেকে ভাটি বয়ড়া পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় এই বাঁধ নির্মাণে জরিপ করা হয়। এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুটি প্যাকেজে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক ভাঙনের কারণে পুনরায় জরিপ চালানো হতে পারে। এতে বাঁধ নির্মাণে কিছুটা কালক্ষেপণ হবে।
৩ জানুয়ারি ভাঙনকবলিত বয়ড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ফসলি জমি ও বেশ কয়েকটি বসতভিটা নদীগর্ভে ভেঙে পড়তে দেখা গেছে। এসব বসতঘরের লোকজন তাঁদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন।
বয়ড়া ইউনিয়নের দরিকান্দি গ্রামের মোহাম্মদ আলী বলেন, ‘সর্বনাশা পদ্মা বাপ-দাদার রাইখ্যা যাওয়া জমিজমা ও বসতভিটা গিলেছে। পরে এই খানে (দরিকান্দি) বসতভিটা বানাই। তাও কাইর্যা নিয়া গেল। পরিবার নিয়া এহন দুশ্চিন্তায় আছি।’
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, ‘নদী ভাঙন রোধে পদক্ষেপ নিতে উপজেলা ও জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমরা একাধিকবার আলোচনা করেছি। ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বালুভর্তি ব্যাগ ফেলা হলে সাময়িকভাবে ভাঙনরোধ করা সম্ভব। এতে ভাঙনকবলিত এলাকার মানুষ কিছুটা উপকৃত হতো।’
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু তাহের প্রথম আলোকে বলেন, নদীর ভাঙনরোধে প্রকল্প অনুমোদন হয়েছে, দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শেষ পর্যায়ে। তবে এ বছর অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলেই বাঁধ নির্মাণের কাজ শুরু করা যাবে।