পরিবেশ অধিদপ্তরের উচ্চক্ষমতাসম্পন্ন এনফোর্সমেন্ট অভিযানে গত এক মাসে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১৪ জেলায় পরিবেশ ধ্বংস ও পরিবেশ দূষণের অপরাধে প্রায় আড়াই কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি প্রায় আট কোটি টাকা মূল্যমানের পরিবেশবিধ্বংসী যন্ত্রপাতি জব্দ করে ১৩ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক মাসে (মার্চ) সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদীসহ ১৪ জেলার ৪৭ প্রতিষ্ঠানে পরিবেশ ধ্বংস ও দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে পাঁচটি ডায়িং কারখানা, ২৭টি ইটভাটা, একটি পোশাক কারখানা, পাঁচটি বহুতল ভবন, একটি ভোজ্যতেল কারখানা, একটি খাদ্য প্রস্তুতকারী কারখানা, দুটি বহুতল আবাসিক হোটেল, দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান, দুটি ওয়াশিং কারখানা এবং দুটি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টে বহুমাত্রিক পরিবেশ দূষণের ঘটনা উদ্ঘাটনের পর এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী অধিদপ্তরের বিভিন্ন জেলা কার্যালয়, অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট এবং কর্মকর্তাদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। বেপরোয়া দখল ও দূষণ থেকে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, কপোতাক্ষ, তুরাগ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীকে এ অভিযানের অন্তর্ভুক্ত করা হয়। অভিযানে আট লাখ পোড়ানো ইট, চার লাখ পাঁচ হাজার কাঁচা ইট, ৫০ লাখ ঘনফুট টপ সয়েল, এক টন কয়লা, একটি এক্সক্যাভেটর, দুটি ট্রাক্টর, ১০টি বুলডোজারসহ মোট আট কোটি টাকার সামগ্রী জব্দ করা হয়েছে। এক মাসের কার্যক্রম প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ দূষণের ঘটনা এত মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে যে সম্পূর্ণ দূষণমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। বিশেষ করে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে পরিবেশ আইন মান্যতা সৃষ্টি করতে হবে এবং এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত রাখতে হবে।’