এক মাসে এক কেজি ধানও কেনা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান-চাল সংগ্রহ অভিযান শুরুর এক মাস পেরিয়ে গেলেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাধারণ কৃষকের কাছ থেকে এক মাসে এক কেজি ধানও কেনা হয়নি। গত ৮ জুন থেকে এ উপজেলায় সরকারি পর্যায়ে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হলেও গুদামে খাদ্যশস্য রাখার কোনো জায়গা নেই।
সরকারি খাদ্যগুদামের কর্মকর্তা তাইবুর রহমান বলেন, ‘চলাচল সূচির মাধ্যমে গুদামে জায়গা খালি হলেই ওই খালি জায়গায় কৃষক-চালকলমালিকদের চাল ঢোকাচ্ছি। পর্যাপ্ত জায়গা থাকলে আমরা ধান-চাল দুটোই কিনতে পারব।’
পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুর ইসলাম সরকার বলেন, ‘জায়গার অভাবে আমার এখানে চুক্তিবদ্ধ চালকলমালিকেরা তাঁদের চাল ঢোকাতে পারছেন না। গুদাম থেকে খাদ্য স্থানান্তর করতে চলাচল সূচি প্রণয়নের ব্যবস্থা করার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে অনুরোধ জানিয়েছি।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬০ মেট্রিক টন ধান এবং খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ ২৬৭ জন চালকলমালিকের কাছ থেকে ৯ হাজার ৪৯৪ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রতি কেজি ধান ২২ টাকা (প্রতি মণ ৮৮০ টাকা) এবং চাল ৩২ টাকা (প্রতি মণ ১২৮০ টাকা) দরে কেনা হচ্ছে। ৮ জুন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি খাদ্যগুদামে চলতি মৌসুমের বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়। সংগ্রহ অভিযানের শেষ তারিখ আগামী ৩১ আগস্ট।
কিন্তু অভিযান শুরুর এক মাসে (৮ জুন থেকে ৭ জুলাই) সরকারিভাবে সর্বশেষ ১ হাজার ৯১১ মেট্রিক টন চাল সংগ্রহ হলেও কৃষকের কাছ থেকে এক কেজি ধানও সংগ্রহ করা হয়নি।
খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, পীরগঞ্জ সরকারি খাদ্যগুদামের সাধারণ ধারণক্ষমতা সাড়ে চার হাজার মেট্রিক টন ও সর্বোচ্চ ধারণক্ষমতা ছয় হাজার মেট্রিক টন। ৭ জুলাই পর্যন্ত এই খাদ্যগুদামে সর্বোচ্চ ধারণক্ষমতা ছাড়িয়ে ৬ হাজার ২০০ মেট্রিক টন খাদ্য মজুত ছিল। গুদামে এক বস্তা ধান-চাল ঢোকানোর মতো জায়গা না থাকায় সংগ্রহ অভিযান থেমে আছে।
সাত-আটজন চাষি অভিযোগ করেন, গুদাম কর্তৃপক্ষের চাষিদের কাছ থেকে ধান সংগ্রহ করার কোনো আগ্রহ নেই। ফলে চাষিরা ধান বিক্রির সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
আলমপুর গ্রামের চাষি আজহার আলী বলেন, ‘সরকার প্রতি মণ ধান ৮৮০ টাকা দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে। অথচ বাজারে সাড়ে পাঁচ শ টাকার বেশি দাম পাওয়া যায়নি। আমি ১০ মণ শুকনা ধান বিক্রির জন্য জুন মাসের তৃতীয় সপ্তাহে গুদামে গিয়েছিলাম। গুদামের লোক আমাকে জানালেন চাল ঢোকাবারই জায়গা নেই আপনার ধান দেবেন কেমনে। এ কথা শুনে আমি ফিরে এসে ধানটা পাইকারের কাছে কম দামেই বিক্রি করে দিয়েছি।’ একই ধরনের কথা বলেন দৌলতপুর গ্রামের সুকানু রাম, বাশগাড়া গ্রামের মোবারক আলীসহ আরও পাঁচ-ছয়জন চাষি।
এদিকে জায়গার অভাবে গুদামে চাল ঢোকাতে না পারায় পীরগঞ্জের ২৬৭ জন চুক্তিবদ্ধ চালকলের মালিকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মালিকেরা চালকলের নামে বরাদ্দের সমপরিমাণ চাল প্রস্তুত করে নিজেদের গুদামে রেখে অপেক্ষা করছেন কখন সরকারি গুদামে ঢোকাতে পারবেন। কিন্তু দিনের পর দিন অপেক্ষা করে এসব মালিক নিজেদের গুদামে নির্দেশ মোতাবেক চাল সংরক্ষণ করতে পারছেন না। ফলে চালের মানের সঠিকতা ধরে রাখতে পারছেন না। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিজেদের গুদামে চাল পড়ে থাকায় মালিকেরা অর্থসংকটে রয়েছেন। তারা টাকার অভাবে বাজার থেকে ধান কিনতেও পারছেন না।
পীরগঞ্জের চালকলের মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘আমার চালকলের নামে ৭৯৮ বস্তা চালের বরাদ্দ থাকলেও এক মাসে মাত্র ১০০ বস্তা চাল ঢোকাতে পেরেছি। বাকি চাল আমার নিজের গুদামে পড়ে আছে। আমি চাল প্রস্তুত করে সরকারি গুদামে ঢোকানোর জন্য অপেক্ষায় রয়েছি। খারাপ আবহাওয়ার কারণে নিজের গুদামের চালগুলো সঠিকভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। হাতেও টাকা নেই। আমি টাকার অভাবে বাজারে ধান কিনতে পারছি না।’ একই ধরনের মন্তব্য করেন চালকল মালিক মো. সোহাগ, শামীমুজ্জামান, আনোয়ার হোসেন, রমজান আলী, ইসাহাক আলীসহ আরও আটজন।
সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামের কৃষক আবদুর রহমান বলেন, ‘আমরা ধান দিতে যাই। গুদামে জায়গা থাকে না। আর চালকলমালিকেরা ঠিকই চাল ঢোকায়।’