এক মাসে চারজন খুন, আতঙ্ক
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক মাসে চারজন খুন হয়েছেন। এ ছাড়া এক যুবককে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর ভোরে গফরগাঁও সদর থানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পৌর এলাকার ব্যবসায়ী জুয়েল মিয়াকে (২৬) হ্যামার দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঢাকার সরকারি তিতুমীর কলেজের ছাত্র শিহাব হাসানের (২০) লাশ ২১ অক্টোবর গলাকাটা বাজারের খেয়াঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। তাঁর দুটি চোখ উপড়ে নেয় দুর্বৃত্তরা। শিহাবের বাড়ি উপজেলার দীঘিরপাড় গ্রামে। তাঁকে ১৯ অক্টোবর রাতে গলাকাটা বাজার থেকে অপহরণ করা হয়। গত ৩০ সেপ্টেম্বর পৌর এলাকার জন্মেজয়ে জ্বালানি তেল ব্যবসায়ী সাইদুল ইসলামকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। গত ২৯ সেপ্টেম্বর ডোবাইল গ্রামের যাত্রা বিল থেকে ওই গ্রামের হাসান আলী (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া ৪ অক্টোবর রাতে তেঁতুলিয়া গ্রামের হুমায়ুন (২১) নামের এক যুবককে দুর্বৃত্তরা হাত-পা ও মুখ বেঁধে ডোবায় ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।নাম প্রকাশ না করার শর্তে জন্মেজয় এলাকার কয়েকজন জানান, সন্ধ্যার পর রাস্তায় বের হতে এখন ভয় লাগে। পরিবারের কোনো সদস্য বাড়ির বাইরে থাকলে সব সময়ই আতঙ্ক কাজ করে। তাঁরা আরও জানান, এসব খুনের যদি বিচার না হয়, তাহলে ভবিষ্যতে এ রকম ঘটনা আরও ঘটতেই থাকবে। গফরগাঁও থানা ও পাগলা থানা সূত্রে জানা গেছে, এসব খুনের ঘটনায় তিনটি মামলা হয়েছে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, হাসান ও শিহাব হত্যার ঘটনায় পৃথক মামলা হয়েছে। হাসান হত্যা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হলেও শিহাব হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলীমুজ্জামান জানান, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এসব খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।