আনোয়ারায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত এক মাসে উপজেলায় তিনজন খুন হয়েছেন। দীর্ঘদিন ধরে
খুন-খারাবি বন্ধ থাকার পর অল্প সময়ে তিনজন খুন হওয়ায় জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, গত ১১ জুন পূর্ব বরৈয়া গ্রামের আবদুল খালেকের ঘরের দরজা ভেঙে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে তাঁর পুত্র
তারেক আজিজকে (২১) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)
হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের বাবা আবদুল খালেক বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আলমগীর
(২৫) ও খোরশেদ (৪৮) নামের দুজনকে আটক করেছে।
পূর্ব বরলিয়া গ্রামের বাসিন্দা আবদুস সালাম (৪৩) বলেন, ‘আমাদের এখানে আগে এ রকম খুন-খারাবি হয়নি। গত এক
মাসের মধ্যেতিনটি খুনের ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত।’
এদিকে ১ জুলাই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে পুকুরের মালিক শাহেদকে বাঁশ ও লাঠি দিয়ে
মারধর করে তাঁর প্রতিপক্ষের লোকজন। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. ইউনুছ থানায় মামলা করলেও
এখনো কোনো আসামি ধরা পড়েনি।
মো. ইউনুছ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হত্যার এত দিন পার হলেও আসামি ধরা না পড়ায় আমরা হতাশ।’
সর্বশেষ ৬ জুলাই সকালে উপজেলার শোলকাটা গ্রামের এস জে নিজাম উচ্চবিদ্যালয় সড়কের পশ্চিম পাশে বিল থেকে
এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। মহিলার বয়স আনুমানিক ৩০ বছর। এ ঘটনায় আনোয়ারা থানার উপপরিদর্শক
(এসআই) মুহাম্মদ শরীফ একটি মামলা করেছেন। এখনো পর্যন্ত পুলিশ লাশের পরিচয় পায়নি।
এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চেষ্টা চালিয়ে
যাচ্ছি। তবে দুটি খুন হয় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে। আর আমরা মামলাগুলো গুরুত্বের সঙ্গেই দেখছি।’