সিলেটে পাহাড়-টিলা কাটাসহ পরিবেশবিধ্বংসী তৎপরতা বন্ধে পরিবেশ অধিদপ্তর গত এক মাসে পাঁচ কোটি ১৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানের আওতাভুক্ত সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মাসব্যাপী (নভেম্বর) ১২টি অভিযান চালিয়ে ৩০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দণ্ডিত করা হয়। গতকাল শনিবার পরিবেশ অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনফোর্সমেন্ট দপ্তরের আওতায় ঢাকা মহানগরসহ ঢাকা জেলা, চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, সিলেট, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জে যথাক্রমে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও হালদা নদী দূষণ, বেআইনিভাবে পাহাড় ও টিলা কাটা, কৃষিজমি ধ্বংস করে ইটভাটা স্থাপন, বহুতল ভবন নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘন এবং শব্দদূষণে জনদুর্ভোগ সৃষ্টি করায় নভেম্বর মাসে মোট ১২টি অভিযান পরিচালিত হয়। দণ্ডিত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতটি ডাইং কারখানা, চারটি ইটভাটা, দুটি ওষুধ কারখানা, সাতটি বাণিজ্যিক-আবাসিক বহুতল ভবন, বায়ুদূষণ ও শব্দদূষণে দায়ী বাণিজ্যিক প্রতিষ্ঠান তিনটি এবং সিলেট ও চট্টগ্রামে পাহাড়-টিলা কর্তনকারী সাত ব্যক্তি ও প্রতিষ্ঠান।অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরীর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া নভেম্বর মাসে সিলেটসহ ছয়টি জেলায় অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন, ১৮১ টন কাঠ এবং ১৪টি পাথর উত্তোলনকারী অবৈধ ‘বোমা মেশিন’ জব্দসহ ২৫টি মামলা দায়ের করা হয়। মুনীর চৌধুরী জানান, পরিবেশকে অবজ্ঞা ও পরিবেশ আইনকে অমান্য করার দিন ফুরিয়ে গেছে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশে পরিবেশ ধ্বংসের বেপরোয়া প্রবণতা বন্ধ করার প্রয়াস চালাচ্ছে। এতে শিল্প উদ্যোক্তাসহ সর্বস্তরের মানুষের মধ্যে পরিবেশ আইন মেনে চলার সংস্কৃতি প্রচলিত হওয়ার ইতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত রাখা হবে।