কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতের হাজার হাজার ঝাউগাছ নিধনের পর এবার জেলা দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে গাছ কাটা চলছে। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে একটি চক্র প্রতিদিন গাছ কেটে পাচার করছে। গাছ কাটার সঙ্গে বন কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন। উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. একরামুল হক বলেন, জেলা দক্ষিণ বন বিভাগের সংরক্ষিত বনে ১৯৯৬-৯৭ সালে প্রায় ১০ হাজারের বেশি কড়ই, মেহগনি ও গামারির চারা রোপণ করা হয়। বর্তমানে তিন হাজারের মতো গাছ থাকতে পারে। এ বাগানে ২০ সদস্যের অংশীদার থাকলেও চোর চক্রটি প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। গাছগুলোর বয়স ১০ থেকে ১২ বছর হতে না হতেই শুরু হয়েছে নিধনযজ্ঞ। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত ওই বনাঞ্চল নেটং পাহাড়ের উপজেলা পরিষদসংলগ্ন ও ৪২ রাইফেলস ব্যাটালিয়নের পূর্বে বৈদ্যরঘোনা এলাকায় অবস্থিত। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিন টেকনাফ-শামলাপুর সড়ক দিয়ে সংরক্ষিত বনাঞ্চলের গাছগুলো কেটে ভ্যান ও চান্দের গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ওই বনে প্রতিদিন আট-দশটি কাটা গাছের শেকড় দেখা যাচ্ছে। গত এক মাসে প্রায় ৪০০টি কড়ই, আকাশমণি, মেহগনি ও শিমুলগাছ কেটে নেওয়া হয়েছে। একই দিন দুপুর ১২টার দিকে ভ্যানগাড়ি ভর্তি করে বেশকিছু গাছ টেকনাফের একটি করাতকলে নিয়ে যেতে দেখা গেছে। টেকনাফ সদর বিট কর্মকর্তা কামরুল হাছান বলেন, এ ব্যাপারে কক্সবাজার বন আদালতে প্রতি মাসে দু-তিনটি করে মামলা হচ্ছে। মামলায় টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ আহমদের ছেলে মো. আরিফ এবং ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নামধারী বেলাল হোসেন, জসিম উদ্দিন, হামিদ হোসেন, সোনা আলী, শামসুল হককে আসামি করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে তাঁরা গাছ কাটা শুরু করেন বলে জানা গেছে। অভিযুক্ত মো. আরিফ, হামিদ হোসেন ও সোনা আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, ‘বাগান করার সময় আমাদের আংশীদার হিসেবে রাখার কথা ছিল। সে সময় বাগান রক্ষার জন্য আমরা রাত-দিন পাহারা দিয়ে গাছগুলো বড় করার পর জানতে পারলাম, এ বাগানে আমাদের কোনো অংশীদারি নেই। আমাদের বড় করা গাছ আমরাই কাটছি।’টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ জানান, ওই চক্রের সঙ্গে বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে। সদর বিট কর্মকর্তা কামরুল হাছান বনের গাছ কাটার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউর রহমান বলেন, সংশ্লিষ্ট বনাঞ্চলসহ সড়কের পার্শ্ববর্তী গাছগুলোও নিধন করা হয়েছে। এ ব্যাপারে কয়েকটি মামলাও হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ নিধন করা হলে পুলিশকে দোষারোপ করা হয়। বন পাহারা দেওয়ার দায়িত্ব বন বিভাগের। জেলা দক্ষিণ বন সংরক্ষক কাজী নুরুল করিম বলেন, গাছ নিধনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।