এক মাসের মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক সংস্কার না হলে কঠোর আন্দোলনে যাবেন পরিবহনশ্রমিক ও ভুক্তভোগীরা। গত শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক জলিলের সঙ্গে এক বৈঠকে সংস্কারের দাবিতে আন্দোলনরত সংগঠনের প্রতিনিধিরা এমন ঘোষণা দেন।
৩২ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়ক দীর্ঘ আড়াই বছর ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এ সড়ক দিয়েই দেশের বড় পাথরকোয়ারি ভোলাগঞ্জে যেতে হয়। ২০১৪ সালের মে মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়কটি পরিদর্শন শেষে দ্রুত পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। এরপরও সড়কটি পুনর্নির্মাণ কিংবা সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ভুক্তভোগীরা। সড়কটি সংস্কারের দাবিতে ৪ এপ্রিল থেকে পরিবহনশ্রমিক ইউনিয়ন ও পাথর ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন শুরু করেন।
এ অবস্থায় শনিবার দুপুর সাড়ে ১২টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক জলিলের উপস্থিতিতে জেলা প্রশাসন আন্দোলনরতদের নিয়ে মতবিনিময় সভা করে। এ সময় ফারুক জলিল বলেন, আগামী দেড় মাসের মধ্যে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সড়কটি চালু রাখতে নির্মাণকাজ শুরু হওয়ার আগ পর্যন্ত সংস্কারকাজ ধারাবাহিকভাবে করা হবে।
মতবিনিময় শেষে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, গুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় চালক ও যাত্রীসহ অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। মে মাসের ১১ তারিখের মধ্যে নির্মাণকাজ শুরু না হলে ১২ মে থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, আন্দোলনরতদের সঙ্গে বৈঠকে আগামী দেড় মাসের মধ্যে সড়ক নির্মাণে আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার বিষয়ে কথা হয়েছে। তবে আন্দোলনরতরা সংস্কারের জন্য এক মাসের সময়সীমা দিয়েছেন।