পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে এক মাসে ১১ জন স্কুলছাত্রীর বিয়ে হয়েছে। এদের সবাই চতুর্থ থেকে সপ্তম শ্রেণীতে পড়ত। আইনত নিষিদ্ধ জেনেও আর্থিক দৈন্য ও বখাটেদের উৎপাতের কারণে অভিভাবকেরা এই বাল্যবিবাহ দিয়েছেন বলে জানা গেছে।অধিকাংশ মেয়ের বিয়ে পড়ানোর কাজটি করেছেন স্থানীয় এক ইমাম। আর ইউপি কার্যালয় থেকে বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন সনদ নেওয়া যায় বলে এলাকাবাসী জানিয়েছেন। ৪ মে থেকে ৬ জুন পর্যন্ত বিয়েগুলো হয়েছে বলে জনপ্রতিনিধি, এলাকাবাসী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী বলেন, ‘বাল্যবিবাহের ঘটনাগুলো সম্পর্কে আমাদের কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। শিগগিরই ওই গ্রামে সচেতনতামূলক কর্মসূচি দেওয়া হবে।’উপজেলার এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর (১৩) সপ্তাহ দুয়েক আগে একই এলাকার এক কিশোরের সঙ্গে বিয়ে হয়। ওই ছাত্রীর মা বলেন, ‘মেয়ে বড় হইছে। এলাকার কিছু বখাটে পোলাপানের উৎপাতে মানসমঞ্চান রক্ষা করা কঠিন। এ জন্য বিয়া দিয়া দিলাম।’চরগঙ্গা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মান প্রথম আলোকে জানান, তাঁর বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে পড়ছে এবং সদ্য পাস করেছে এমন পাঁচজন মেয়েকে এক মাসের মধ্যে বিয়ে দেওয়া হয়েছে। এদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোনা মিয়া বলেন, ‘এক মাসে চরগঙ্গায় ১১টি বাল্যবিবাহ হয়েছে। এর মধ্যে মে মাসের শেষ ও জুনের প্রথম সপ্তাহের মধ্যেই হয়েছে আটটি বিয়ে। আমরা আগে থেকেই বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছি। ব্যক্তি ও পরিবার পর্যায়ে কাজ করছি। কিন্তু তাতে তেমন সুফল আসছে না।’ তিনি জানান, চরগঙ্গা এলাকার বাসিন্দারা নিতান্তই গরিব। একদিকে অভাবের তাড়না, পাশাপাশি মেয়েদের সামাজিক নিরাপত্তার দিক বিবেচনা করে অভিভাবকেরা অপরিণত বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন। দুই সপ্তাহ আগে বিয়ে হওয়া চরগঙ্গা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েটির মেধা কম, পড়াশোনায় মনোযোগী নয়। বিয়ের বয়সও হয়েছে। তাই তার বিয়ে দিয়েছি। ওর স্বামীর বাড়ি রাঙ্গাবালী সদর ইউনিয়নে।’খোঁজ নিয়ে জানা গেছে, চরগঙ্গা গ্রামের এই বাল্যবিবাহ পড়াচ্ছেন ওই এলাকার একটি মসজিদের ইমাম মো. মাহতাব হোসেন। তিনি নিজেকে বড়বাইশদিয়া ইউনিয়নের কাজি মো. ইলিয়াসের সহকারী দাবি করে বলেন, ‘আমি গত দুই সপ্তাহে ছয়টি বিয়ে পড়িয়েছি। এর মধ্যে তিন দম্পতির জন্মনিবন্ধন সনদ হাতে পাওয়ায় সেগুলো রেজিস্ট্রি (নিবন্ধন) করার জন্য পাঠিয়েছি। বাকিগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’ বড়বাইশদিয়া ইউনিয়নের কাজী ও পশ্চিম গাববুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ইলিয়াস জানান, মাহতাব নামে তাঁর কোনো সহকারী নেই। তবে তিনি জেনেছেন মাহতাব হোসেন বিভিন্ন নিকাহ রেজিস্ট্রারের কার্যালয় থেকে বিয়ে নিবন্ধন করিয়ে দেন। তিনি দাবি করেন, ‘আমি কোনো অপরিণত বয়সী ছেলেমেয়ের বিয়ে নিবন্ধন করি না।’বড়বাইশদিয়া ইউপির সচিব রিয়াজ উদ্দিন বলেন, ‘আগে অনেক অভিভাবক এসে তাঁদের ছেলেমেয়ের জন্মনিবন্ধনের সনদ নিয়েছেন। যখন আমরা জেনেছি, ওইগুলো দিয়ে অপরিণত বয়সী ছেলেমেয়েদের বিবাহ নিবন্ধন করানো হচ্ছে, তখন আর আমরা ঢালাওভাবে জন্মনিবন্ধনের সনদ দিচ্ছি না।’ রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, ‘যে ঘটনাগুলো ঘটেছে তা আমাদের কেউ জানায়নি। আমরা খোঁজ নিয়ে দেখব।’