এক মাসে ২০ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় শিশুদের শীতজনিত শাসকষ্ট ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ কারণে গত এক মাসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে মুমূর্ষু অবস্থায় আরও অন্তত ১৫ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা, রাজশাহীসহ অন্যত্র পাঠানো হয়েছে।
হাসপাতালের শিশু বিভাগের পরামর্শক মাহবুবুর রহমান জানান, এ বছর শীতের শুরুতেই শীতজনিত রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। অনেক শিশুর নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট ও রোটা ভাইরাসজনিত ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। প্রতিদিনই সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যাসংখ্যার তিন-চার গুণ রোগী চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসছে। ২২ ডিসেম্বর বহির্বিভাগে ১০২ জন শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাহবুবুর রহমান আরও জানান, শিশুদের মৌসুমভিত্তিক ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হতে হবে। সরকারিভাবে সরবরাহ করা সব কটি টিকার পাশাপাশি রোটা ভাইরাস প্রতিরোধে টিকা দিতে হবে। বাচ্চা ও মাকে বাসি খাবার খাওয়ানে যাবে না। গরম কাপড় ব্যবহার করতে হবে।
রোববার বেলা একটার দিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে সরেজমিনে দেখা গেছে, ১৪ শয্যার শিশু ওয়ার্ডে ৬৫টি শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৯ জন শিশু ডায়রিয়ায় এবং অন্যরা শীতজনিত শ্বাসকষ্টে ভুগছে।
হাসপাতাল সূত্র জানায়, গত এক মাসে ২০ জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর মধ্যে চলতি ডিসেম্বরেই মারা গেছে নয় শিশু। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ রানা জানান, শীতজনিত ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সিভিল সার্জনের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।