এক মাসে ২০০ একর জমি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবালাশিয়া মসজিদঘাট থেকে চন্দ্রপাড়া পুরাতন লঞ্চঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে আড়িয়াল খাঁ নদের ভাঙন অব্যাহত রয়েছে।ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইনসানউদ্দিন হাওলাদার জানান, গত এক মাসে ভাঙনে প্রায় ২১৬ একর জমি, সাতটি বাড়ি ও ১৫টি দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি বলেন, এলাকার উত্তর অংশে ভাঙন তীব্র হলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অপেক্ষাকৃত কম ভাঙনকবলিত এলাকায় কাজ করছে।পাউবো সূত্রে জানা গেছে, পাউবো ১৪ মে থেকে চন্দ্রপাড়ার মকিমখাঁরকান্দি এলাকায় মাত্র ৫০০ মিটার অংশে ভাঙন ঠেকাতে কাজ শুরু করেছে। এ কাজের অংশ হিসেবে ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি ৮৫ হাজার জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।কাজের দায়িত্বে নিয়োজিত পাউবোর উপসহকারী প্রকৌশলী এ কে এম জহীরুল হক বলেন, ‘আমরা চন্দ্রপাড়া দরগা শরিফ রক্ষা করার জন্য ভাঙনকবলিত এক কিলোমিটার অংশে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের মাত্র আধা কিলোমিটার অংশে কাজ করার অনুমোদন দেওয়া হয়। ভাঙন অব্যাহত থাকায় আমাদের এ অস্থায়ী কাজ হুমকির মুখে পড়েছে।’ তিনি স্বীকার করেন, নদীর পানি বেড়ে যাওয়ায় অপেক্ষাকৃত নিম্নমানের বালু দিয়ে কাজ চালানো হচ্ছে।পাউবোর (ভাঙ্গা) উপবিভাগীয় প্রকৌশলী নিখিল চন্দ্র হালদার বলেন, ‘বর্তমানে যে এলাকায় কাজ চলছে, তার উজানে সাড়ে ৪০০ মিটার ও ভাটিতে ২০০ মিটার অংশে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য পাউবোর প্রধান কার্যালয়ে প্রস্তাব দিয়েছি।’